জাতীয়

‘ই-হেলথ’ কার্ড চালু ও পরিত্যক্ত ভবনে স্বাস্থ্যকেন্দ্র করার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাকা, ৪ মার্চ – জনগণের চিকিৎসাসেবা নিশ্চিত করার লক্ষ্যে ‘ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বুধবার দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে স্বাস্থ্যমন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা এবং স্বাস্থ্য বিশেষজ্ঞদের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকে তিনি এই নির্দেশনা প্রদান করেন। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ই-হেলথ কার্ড চালুর কাজ দ্রুত শুরু করতে স্বাস্থ্যমন্ত্রীকে বলা হয়েছে।

সরকারের মূল লক্ষ্য হলো চিকিৎসাসেবা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়া এবং এ বিষয়ে মন্ত্রণালয়কে আরও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। বৈঠকে বিভিন্ন সরকারি মন্ত্রণালয় ও সংস্থার পরিত্যক্ত ভবনগুলোকে চিহ্নিত করে সেগুলোকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়ে স্বাস্থ্যকেন্দ্র স্থাপনের বিষয়ে আলোচনা হয়। এলজিইডির ১৭০টি পরিত্যক্ত ভবনসহ সরকারি ও অধীনস্থ প্রতিষ্ঠানের অব্যবহৃত ভবনগুলোকে ক্লিনিক ও চিকিৎসাকেন্দ্র হিসেবে গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এছাড়া সভায় দেশের জনসংখ্যা বৃদ্ধির হার নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়।

পরিসংখ্যান অনুযায়ী প্রতি বছর প্রায় ৩৪ লাখ নবজাতক জন্ম নিচ্ছে উল্লেখ করে জনসংখ্যা নিয়ন্ত্রণে মন্ত্রণালয়কে আরও তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের শূন্য পদে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী নিয়োগের বিষয়েও আলোচনা হয়েছে। নিয়োগকৃতদের মধ্যে ৮০ শতাংশ নারী ও ২০ শতাংশ পুরুষ রাখার কথা বলা হয়েছে। পাশাপাশি দুর্গম এলাকার স্বাস্থ্যকেন্দ্রগুলোতে চিকিৎসকদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে স্বাস্থ্যমন্ত্রীকে কঠোর তাগাদা দিয়েছেন সরকারপ্রধান। বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন এবং প্রতিমন্ত্রী এম এ মুহিতসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এস এম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language