জাতীয়

আসন্ন ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে সরকারের কঠোর নির্দেশনা

সেতু বিভাগের সম্মেলন কক্ষ, ৪ মার্চ – আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন ও নিরাপদ করতে যানজটমুক্ত সড়ক নিশ্চিত করার নির্দেশ দিয়েছে সরকার।

এ লক্ষ্যে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের স্থাপনা ব্যবহার করে চলাচলকারী যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সম্প্রতি একটি প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সেতু বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম। সভায় সভাপতিত্ব করেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

সভায় মন্ত্রী জানান যে প্রধানমন্ত্রী আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারা দেশের মানুষের ঈদযাত্রা নিরাপদ এবং স্বস্তিময় করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দিয়েছেন। সেই নির্দেশনা অনুযায়ী জনসাধারণের ঈদযাত্রা সুশৃঙ্খল ও দুর্ঘটনামুক্ত রাখতে একটি সমন্বিত কর্মসূচি গ্রহণের নির্দেশ দেন তিনি। মন্ত্রী আরও বলেন যে বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর নির্মাণসামগ্রী যেন সড়কে অপরিকল্পিতভাবে ফেলে রাখা না হয় এবং এতে যান চলাচলে বিঘ্ন না ঘটে সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

এ ছাড়া সড়কে বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত জনবল নিয়োগের মাধ্যমে কার্যকর ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করা হয়। যানবাহনে অতিরিক্ত যাত্রী বহন রোধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণেরও নির্দেশ দেন তিনি। সভায় সেতু বিভাগের সচিব বলেন যে ঈদযাত্রায় সেতুর উভয় প্রান্তে ইলেকট্রনিক টোল কালেকশন বা ইটিসি সিস্টেম চালু রাখতে হবে যাতে ইটিসি কার্ডধারী যানবাহন দ্রুত সেতু পার হতে পারে।

একই সঙ্গে সেতু বিভাগের আওতাধীন সব সেতু ও স্থাপনায় গুরুত্বপূর্ণ ট্রাফিক পয়েন্টগুলো সার্বক্ষণিক পর্যবেক্ষণের জন্য টোল প্লাজা ও টোল বুথে সিসিটিভি ক্যামেরা সচল রাখার পরামর্শ দেন তিনি। এ ছাড়া দ্রুত টোল আদায়ের সুবিধার্থে টোল বুথে পর্যাপ্ত ভাঙতি টাকা রাখার নির্দেশনা দেওয়া হয়।

ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন যানবাহন যাতে সেতু ও সড়কে চলাচল করে যানজট সৃষ্টি করতে না পারে সে বিষয়ে গাড়ির মালিক এবং চালকদের সহযোগিতা কামনা করা হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে সিমেন্ট ও রড এবং পাথর বা বালু বহনকারী ট্রাকগুলো ঈদুল ফিতরের আগে ও পরে সাত দিন সীমিত আকারে চলাচল করবে।

তবে ঈদের তিন দিন আগে থেকে এসব ভারী যান চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। অবশ্য খাদ্যদ্রব্য ও ওষুধ এবং জ্বালানি বা পচনশীল নিত্যপ্রয়োজনীয় পণ্যবাহী যানবাহনের চলাচল যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

এম ম/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language