পদত্যাগে নারাজ মমতা বন্দ্যোপাধ্যায়: প্রয়োজনে বরখাস্ত করার চ্যালেঞ্জ

কলকাতা, ৬ মে – পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর পদ থেকে পদত্যাগ না করার বিষয়ে নিজের অনড় অবস্থানের কথা পুনরায় ব্যক্ত করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
বুধবার দলের বিধায়কদের সাথে আয়োজিত এক বিশেষ বৈঠকে তিনি সাফ জানিয়ে দেন যে তিনি পদত্যাগ করবেন না। বরং তাকে বরখাস্ত করা হোক এমন চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে তিনি বলেন যে তিনি চান এই দিনটি একটি কালো দিন হিসেবে চিহ্নিত হোক।
গত ২৯ এপ্রিল নির্বাচনের পর থেকে ভারতীয় জনতা পার্টি বা বিজেপি যে সহিংসতার আশ্রয় নিয়েছে তার বিচারের জন্য তিনি আদালতের দ্বারস্থ হওয়ার ঘোষণাও দিয়েছেন।
নির্বাচনের ফলাফল প্রকাশের পর গত ৪ মে থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ না করার সিদ্ধান্তে অটল রয়েছেন। নির্বাচনে কারচুপির মাধ্যমে বিজেপি জয়লাভ করেছে বলে তিনি দাবি করেন।
সাধারণত নির্বাচনের ফলাফল প্রকাশের পর নৈতিকতা ও প্রথা মেনে মুখ্যমন্ত্রী পদত্যাগ করেন এবং পরবর্তীতে সংখ্যাগরিষ্ঠ দল সরকার গঠন করে। তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অনড় সিদ্ধান্তের কারণে রাজ্যে একটি সাংবিধানিক জটিলতা তৈরি হয়েছে। এমতাবস্থায় তাকে হয় বরখাস্ত করতে হবে নতুবা রাজ্যে রাষ্ট্রপতির শাসন জারি করার সম্ভাবনা তৈরি হতে পারে।
অন্যদিকে নির্বাচনের পরবর্তী সময় থেকে রাজ্যে ব্যাপক সহিংসতার খবর পাওয়া যাচ্ছে। বিজেপির বিরুদ্ধে তৃণমূল কংগ্রেসের নেতা-কর্মীদের বাড়িঘর ও দলীয় কার্যালয়ে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। এমনকি কলকাতার নিউমার্কেট এলাকায় বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলার ঘটনাও ঘটেছে।
এই নির্বাচন পরবর্তী সহিংসতায় এ পর্যন্ত অন্তত চারজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে রাজ্য বিজেপি এক বিবৃতির মাধ্যমে এসব অভিযোগ অস্বীকার করেছে। দলটির দাবি তাদের কোনো কর্মী সহিংসতার সাথে জড়িত নয় বরং তৃণমূলের কর্মীরাই বিজেপির ছদ্মবেশে এসব নাশকতা চালাচ্ছে।
বিজেপি নেতারা জানান যে তৃণমূলের তথাকথিত গুন্ডাবাহিনী সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে এবং বিশৃঙ্খলা সৃষ্টি করতেই এমন কৌশল নিয়েছে। তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এ ধরণের কোনো প্রতারণা সহ্য করা হবে না এবং আইন নিজের হাতে তুলে নেওয়া ব্যক্তিদের কঠোর আইনি পরিণতির মুখোমুখি হতে হবে।
এনএন/ ৬ মে ২০২৬









