জাতীয়

দেশের রিজার্ভ বেড়ে ৩৫.৩৩ বিলিয়ন ডলার ছাড়িয়েছে: বাংলাদেশ ব্যাংক

ঢাকা, ৬ মে – দেশের বৈদেশিক মুদ্রার সঞ্চয় বা রিজার্ভের পরিমাণ আবারও বৃদ্ধি পেয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের দেওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী বর্তমানে দেশের মোট রিজার্ভের পরিমাণ ৩৫ হাজার ৩৩০ দশমিক ৭২ মিলিয়ন বা ৩৫ দশমিক ৩৩ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে।

বুধবার বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এই তথ্য নিশ্চিত করেছেন।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্যমতে ৬ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৩৩০ দশমিক ৭২ মিলিয়ন ডলার।

অন্যদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব পদ্ধতি বিপিএম-৬ অনুযায়ী রিজার্ভের পরিমাণ দাঁড়িয়েছে ৩০ হাজার ৬৭৪ দশমিক ০৭ মিলিয়ন মার্কিন ডলারে।

এর আগে ৫ মে পর্যন্ত দেশের গ্রস রিজার্ভের পরিমাণ ছিল ৩৫ হাজার ৩০৫ দশমিক ৪২ মিলিয়ন মার্কিন ডলার। সেই সময়ে বিপিএম-৬ পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ ছিল ৩০ হাজার ৬১৫ দশমিক ২৭ মিলিয়ন ডলার। উল্লেখযোগ্য যে নিট রিজার্ভ মূলত আইএমএফের বিপিএম-৬ পরিমাপ অনুযায়ী গণনা করা হয়। এক্ষেত্রে মোট রিজার্ভ থেকে স্বল্পমেয়াদি দায় বিয়োগ করার পর প্রকৃত রিজার্ভের পরিমাণ পাওয়া যায়।

বর্তমানে রিজার্ভের এই ঊর্ধ্বমুখী প্রবণতাকে দেশের অর্থনীতির জন্য ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এনএন/ ৬ মে ২০২৬


Back to top button
🌐 Read in Your Language