স্ত্রীর আত্মহনন আলভী ও তিথির বিচার দাবিতে এফডিসিতে মানববন্ধন

ঢাকা, ৪ মার্চ – স্ত্রী আফরা ইভনাথ খান ইকরার আত্মহননের ঘটনায় স্বামী ও অভিনেতা জাহের আলভীর বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপিত হয়েছে।
ঘনিষ্ঠজনদের সূত্রে জানা গেছে, অভিনেত্রী ইফফাত আরা তিথির সঙ্গে আলভীর কথিত বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে ইকরার দাম্পত্য জীবনে অশান্তি নেমে আসে এবং একপর্যায়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য হন। এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে ‘জাস্টিস ফর ইকরা’ নামক একটি সামাজিক সংগঠনের ব্যানারে আজ বুধবার দুপুর ১২টায় রাজধানীর বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন বা বিএফডিসির মূল ফটকের সামনে একটি মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা আলভী ও তিথিকে সামাজিকভাবে বয়কটের আহ্বান জানান। ইকরার সহপাঠী ও ঘনিষ্ঠজনদের পাশাপাশি নানা শ্রেণি পেশার মানুষ এই কর্মসূচিতে অংশ নেন এবং এফডিসি প্রাঙ্গণ ‘উই ওয়ান্ট জাস্টিস ফর ইকরা’ স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে।
মানববন্ধনে নিহত ইকরার এক ঘনিষ্ঠ বান্ধবী দাবি করেন যে, ইকরার ব্যবহৃত মুঠোফোনটি বর্তমানে পুলিশের হেফাজতে রয়েছে এবং সেখানে প্রচুর তথ্য প্রমাণ সংরক্ষিত আছে। তিনি জানান, তাদের কাছে ফোনটির পাসওয়ার্ড রয়েছে এবং পুলিশ চাইলে সহজেই তদন্তের স্বার্থে সেই তথ্য যাচাই করতে পারে।
এছাড়া মামলার এজাহার থেকে অভিনেত্রী তিথির নাম বাদ দেওয়ায় ক্ষোভ প্রকাশ করে তিনি প্রশ্ন তোলেন, পরকীয়ার কি কোনো বিচার নেই? অন্যদিকে, গত সোমবার দিবাগত রাতে এক ভিডিও বার্তায় অভিনেতা জাহের আলভী সমালোচকদের উদ্দেশে মন্তব্য করেন যে, অনেকেই ঘটনার একপাক্ষিক বিবরণ শুনে তাকে বিচার করছেন যা সত্যের অপলাপ মাত্র।
উল্লেখ্য, ইকরার মৃত্যুর ঘটনায় রাজধানীর পল্লবী থানায় নিহত ইকরার মামা শেখ তানভীর আহমেদ বাদী হয়ে জাহের আলভীকে প্রধান আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
এম ম/ ৪ মার্চ ২০২৬









