পহেলা বৈশাখের মধ্যে কৃষক কার্ড কার্যক্রম শুরুর আশা কৃষিমন্ত্রীর

ঢাকা, ৪ মার্চ – আসন্ন পহেলা বৈশাখের মধ্যেই কৃষক কার্ড কার্যক্রম শুরু করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ। বুধবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। মন্ত্রী উল্লেখ করেন যে, প্রাথমিকভাবে এই কার্যক্রম সারাদেশে একযোগে শুরু হচ্ছে না, বরং পাইলট প্রকল্প হিসেবে ৮ থেকে ৯টি উপজেলায় এটি চালু করা হবে। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই এই উদ্যোগ বাস্তবায়নের প্রচেষ্টা চলছে বলে তিনি মন্তব্য করেন।
এই কার্ডের মাধ্যমে প্রান্তিক কৃষকরা ফ্যামিলি কার্ডের আদলে বিশেষ সুবিধা পাবেন বলে জানান মন্ত্রী। প্রকল্পের মূল উদ্দেশ্য সম্পর্কে তিনি বলেন, কৃষি উৎপাদন, ভোক্তা, কৃষি জমি এবং শস্যের জাত সংক্রান্ত যাবতীয় তথ্য যাতে নিয়মতান্ত্রিকভাবে সরকারের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করাই এর লক্ষ্য। বিনামূল্যে সার ও বীজের বিষয়ে জানতে চাওয়া হলে তিনি জানান, এটি মূলত দরিদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিবেচনা করা হয়েছিল, তবে মঙ্গলবারের বৈঠকে এ নিয়ে সুনির্দিষ্ট আলোচনা হয়নি। এছাড়া কারা এই প্রকল্পের আওতাভুক্ত থাকবেন, এমন প্রশ্নের জবাবে মন্ত্রী স্পষ্ট করেন যে যারা সরাসরি উৎপাদনের সঙ্গে জড়িত তাদেরই কৃষক হিসেবে চিহ্নিত করা হবে।
এস এম/ ৪ মার্চ ২০২৬









