জাতীয়

দুবাইয়ে আটকে পড়া প্রবাসীদের ফেরাতে ইউএস-বাংলার দুটি বিশেষ ফ্লাইট

ঢাকা, ৪ মার্চ – মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির প্রেক্ষাপটে প্রবাসী বাংলাদেশিদের সুবিধার্থে মানবিক উদ্যোগ গ্রহণ করেছে ইউএস বাংলা এয়ারলাইনস। সংযুক্ত আরব আমিরাতে আটকে পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে ঢাকা ও দুবাই রুটে দুটি বিশেষ ফ্লাইট পরিচালনা করবে বেসরকারি এই বিমান সংস্থাটি।

বুধবার ৪ মার্চ প্রথম ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সন্ধ্যা ৭টা ২০ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে উড্ডয়ন করবে। একই ফ্লাইট দুবাই থেকে স্থানীয় সময় রাত ১২টা ২০ মিনিটে ঢাকার উদ্দেশ্যে রওনা হবে।

আগামীকাল বৃহস্পতিবার ৫ মার্চ অন্য বিশেষ ফ্লাইটটি ঢাকা থেকে বিকেল ৫টা ১৫ মিনিটে দুবাইয়ের উদ্দেশ্যে যাত্রা করবে এবং সেখান থেকে স্থানীয় সময় রাত ১০টায় ঢাকার পথে ফিরবে।

৪৩৬ আসনবিশিষ্ট এয়ারবাস এ ৩৩০-৩০০ উড়োজাহাজের মাধ্যমে এই বিশেষ ফ্লাইট দুটি পরিচালিত হবে। ঢাকা থেকে দুবাই রুটে ফ্লাইট নম্বর বিএস ৩৪১ এবং দুবাই থেকে ঢাকা রুটে ফ্লাইট নম্বর বিএস ৩৪২ নির্ধারণ করা হয়েছে।

দুবাই এয়ারপোর্ট অথরিটি সার্বিক পরিস্থিতি বিবেচনায় ইউএস বাংলা এয়ারলাইনস ছাড়াও এমিরেটস এবং এয়ার ইন্ডিয়াসহ কয়েকটি এয়ারলাইনসকে বিশেষ ফ্লাইট পরিচালনার অনুমতি দিয়েছে।

যেসব বাংলাদেশি যাত্রীর ভিসার মেয়াদ এরইমধ্যে শেষ হয়েছে অথবা দ্রুত শেষ হতে যাচ্ছে তাদের অগ্রাধিকার ভিত্তিতে ভ্রমণের সুযোগ দেওয়া হবে। টিকিট বুকিং সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতে ইউএস বাংলা এয়ারলাইনসের যে কোনো সেলস সেন্টার অথবা নিকটস্থ ট্রাভেল এজেন্সিতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

এনএন/ ৪ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language