সাইপ্রাসে ঘাঁটিতে হামলার পর ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠাতে পারে যুক্তরাজ্য

লন্ডন, ৩ মার্চ – সাইপ্রাসে অবস্থিত ব্রিটিশ সেনা ঘাঁটিতে ইরানের ড্রোন হামলার ঘটনার পর এবার ভূমধ্যসাগরে যুদ্ধজাহাজ পাঠানোর পরিকল্পনা করছে যুক্তরাজ্য। ব্রিটিশ রয়্যাল নেভির শক্তিশালী যুদ্ধজাহাজ ‘এইচএমএস ডানকান’কে এই মিশনের জন্য প্রস্তুত রাখা হচ্ছে।
তবে প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, যুদ্ধজাহাজ মোতায়েনের বিষয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি।
টাইপ ৪৫ ডেস্ট্রয়ার শ্রেণীর এই জাহাজটি মূলত আকাশ প্রতিরক্ষার কাজে ব্যবহৃত হয়ে আসছে। সাইপ্রাসের সেনাঘাঁটির নিরাপত্তা জোরদার করতে এবং ড্রোন হামলা প্রতিহত করতে এখন এই যুদ্ধজাহাজটিকে কাজে লাগানো হতে পারে। এইচএমএস ডানকান বিশেষভাবে ড্রোন বিধ্বংসী ক্ষমতা সম্পন্ন। গত মাসে ওয়েলস উপকূলে জাহাজটির পরীক্ষামূলক মহড়াও সম্পন্ন হয়েছে। যদি জাহাজটি পাঠানোর সিদ্ধান্ত চূড়ান্ত হয়, তবে এটি সাইপ্রাসে পৌঁছাতে পাঁচ থেকে সাত দিন সময় নেবে।
উল্লেখ্য, গত ২ মার্চ সাইপ্রাসে ব্রিটিশ রাজকীয় বিমান বাহিনীর আক্রোতিরি ঘাঁটিতে একটি সন্দেহভাজন ড্রোন আঘাত হানে, যা পরবর্তীতে ইরানের বলে নিশ্চিত করে সাইপ্রাস সরকার।
মস্কোয় নিযুক্ত সাবেক ব্রিটিশ ডিফেন্স অ্যাটাশে জন ফোরম্যান এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন। তিনি প্রশ্ন তুলেছেন, ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি বাড়ার পরও ঘাঁটির সুরক্ষায় যুক্তরাজ্যের পদক্ষেপ নিতে দেরি হওয়াটা বিস্ময়কর। জন ফোরম্যানের মতে, যুক্তরাজ্য এখন পূর্ব ভূমধ্যসাগরে ডেস্ট্রয়ার পাঠানোর চিন্তা করছে, যার অর্থ সেখানে পরিস্থিতির গুরুত্ব অনুধাবন করা হচ্ছে।
এদিকে সাইপ্রাস সরকারের কর্মকর্তারা জানিয়েছেন, ফ্রান্স ইতিমধ্যেই ড্রোন বিধ্বংসী ব্যবস্থাসম্পন্ন একটি ফ্রিগেট পাঠাতে সম্মত হয়েছে। এছাড়া জার্মানির কাছেও সহায়তা চেয়ে অনুরোধ পাঠানো হয়েছে যা বর্তমানে বিবেচনাধীন রয়েছে।
এনএন/ ৩ মার্চ ২০২৬









