জাতীয়

ঈদুল ফিতরের ছুটি বাড়তে পারে, বৃহস্পতিবার সিদ্ধান্তের সম্ভাবনা

ঢাকা, ৩ মার্চ – পবিত্র ঈদুল ফিতরের ছুটি বাড়ানোর বিষয়ে চিন্তাভাবনা করছে সরকার। ঘরমুখো মানুষের ঈদযাত্রা নির্বিঘ্ন ও স্বস্তিদায়ক করতে এই উদ্যোগ নেওয়া হতে পারে বলে জানা গেছে। ইতোমধ্যে ছুটি বাড়ানোর একটি প্রস্তাব মন্ত্রিপরিষদ বিভাগে পাঠানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার অনুষ্ঠেয় মন্ত্রিসভার বৈঠকে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আসতে পারে।

বাৎসরিক ছুটির ক্যালেন্ডার অনুযায়ী আগামী ২১ মার্চ ঈদুল ফিতর উদযাপিত হওয়ার কথা রয়েছে। সরকারি তালিকা অনুসারে ঈদের দিন সাধারণ ছুটি এবং এর আগে ও পরে দুই দিন করে নির্বাহী আদেশে ছুটি মিলিয়ে মোট পাঁচ দিন ছুটি নির্ধারিত আছে। সে অনুযায়ী ১৯ মার্চ বৃহস্পতিবার থেকে ২৩ মার্চ সোমবার পর্যন্ত সরকারি ছুটি বলবৎ থাকার কথা। তবে এর আগে ১৭ মার্চ পবিত্র শবে কদরের ছুটি রয়েছে। মাঝের ১৮ মার্চ যদি সাধারণ ছুটি ঘোষণা করা হয়, তবে শবে কদর ও ঈদের ছুটি মিলিয়ে সরকারি কর্মচারীরা টানা সাত দিনের অবকাশ যাপনের সুযোগ পেতে পারেন।

এস এম/ ৩ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language