টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে নেই কোনো বাংলাদেশি আম্পায়ার

কলকাতা, ৩ মার্চ – আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল পর্বের ম্যাচ অফিসিয়ালদের নাম ঘোষণা করেছে। টুর্নামেন্টের গ্রুপ পর্ব ও সুপার এইটে বাংলাদেশের দুই আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে শহীদ সৈকত এবং গাজী সোহেল দায়িত্ব পালন করলেও সেমিফাইনালের তালিকায় তাদের কেউ জায়গা পাননি। আগামী বুধবার (৪ মার্চ) কলকাতার ইডেন গার্ডেনসে প্রথম সেমিফাইনালে লড়বে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড।
এই ম্যাচে অনফিল্ড আম্পায়ার হিসেবে থাকবেন রিচার্ড ইলিংওর্থ ও অ্যালেক্স ওয়ার্ফ। এছাড়া টিভি আম্পায়ার নিতিন মেনন, চতুর্থ আম্পায়ার রড টাকার এবং ম্যাচ রেফারি হিসেবে জাভাগাল শ্রীনাথ দায়িত্ব পালন করবেন। অন্যদিকে, বৃহস্পতিবার (৫ মার্চ) মুম্বাইয়ে দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। এই গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠের আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করবেন ক্রিস গ্যাফনি ও আলাউদ্দিন পালেকার।
তৃতীয় আম্পায়ার হিসেবে আদ্রিয়ান হোল্ডস্টক, চতুর্থ আম্পায়ার পল রেইফেল এবং ম্যাচ রেফারি হিসেবে থাকবেন অ্যান্ডি পাইক্রফট। আগামী ৮ মার্চ আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে টুর্নামেন্টের ফাইনাল। তবে শিরোপা নির্ধারণী ম্যাচের অফিসিয়ালদের তালিকা এখনো প্রকাশ করেনি আইসিসি। এবারের আসরে ২০টি দল অংশ নিলেও শেষ চারে জায়গা করে নিয়েছে ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড ও ভারত।
এস এম/ ৩ মার্চ ২০২৬









