প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

সচিবালয়, ৩ মার্চ – প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশ কোস্টগার্ডের মহাপরিচালক রিয়াল অ্যাডমিরাল মো. জিয়াউল হক।
মঙ্গলবার ৩ মার্চ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। বৈঠককালে তাঁরা পারস্পরিক কুশল ও শুভেচ্ছা বিনিময় করেন।
সাক্ষাৎকালে প্রধানমন্ত্রী কোস্টগার্ড সদস্যদের দেশপ্রেম ও পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন। তিনি বিশেষ করে সমুদ্র উপকূল ও নদী তীরবর্তী অঞ্চলে শান্তি ও নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি জনগণের স্বার্থে যেকোনো দুর্যোগ মোকাবিলায় কোস্টগার্ডকে তাদের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশনা দেন।
এ সময় কোস্টগার্ডের মহাপরিচালক বাহিনীর চলমান বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। প্রধানমন্ত্রী বাহিনীর উন্নয়নের ধারা ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে আশ্বস্ত করেন এবং দেশের সার্বভৌমত্ব রক্ষায় কোস্টগার্ডকে সর্বোচ্চ প্রস্তুতি বজায় রাখার আহ্বান জানান।
এম ম/ ৩ মার্চ ২০২৬









