ইরানে যুদ্ধের জেরে ঐতিহাসিক গোলেস্তান প্রাসাদের ক্ষতি, ইউনেস্কোর উদ্বেগ

ইরান, ৩ মার্চ – ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ বাহিনীর মধ্যে চলমান যুদ্ধের প্রেক্ষাপটে ঐতিহাসিক স্থানগুলোর নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কো।
তেহরানের ঐতিহাসিক গোলেস্তান প্রাসাদে বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর সামনে আসার পরই সংস্থার পক্ষ থেকে এই প্রতিক্রিয়া জানানো হয়েছে।
ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যস্থল হিসেবে স্বীকৃত গোলেস্তান প্রাসাদ একসময় কাজার রাজবংশের রাজকীয় কমপ্লেক্স ছিল। এক বিবৃতিতে ইউনেস্কো সকল পক্ষকে স্মরণ করিয়ে দেয় যে আন্তর্জাতিক আইনের অধীনে সাংস্কৃতিক সম্পদ সর্বদা সুরক্ষিত থাকা বাঞ্ছনীয়। বিশেষ করে ১৯৫৪ সালের হেগ কনভেনশন এবং ১৯৭২ সালের বিশ্ব সাংস্কৃতিক ও প্রাকৃতিক ঐতিহ্য সংরক্ষণ কনভেনশন অনুযায়ী এসব স্থাপনার সুরক্ষা নিশ্চিত করা জরুরি।
অন্যদিকে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমও নিশ্চিত করেছে যে রাজধানী তেহরানে হামলার পর ঐতিহাসিক এই প্রাসাদটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, তেহরানের আরগ স্কয়ারের কাছে অবস্থিত প্রাসাদের সন্নিকটে একটি বিস্ফোরণের ঘটনা ঘটে। উল্লেখ্য যে কাজার রাজবংশের সময় এই প্রাসাদটি ইরানি রাজাদের রাজকীয় বাসভবন হিসেবে ব্যবহৃত হতো এবং পরবর্তীতে এটি পাহলভি রাজবংশের সরকারি দপ্তরে পরিণত হয়।
এম ম/ ৩ মার্চ ২০২৬









