মধ্যপ্রাচ্য

ইরানে হামলার জেরে অস্থিতিশীল মধ্যপ্রাচ্য, বিশ্ববাজারে বাড়ল তেলের দাম

তেহরান, ২ মার্চ – ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার জেরে মধ্যপ্রাচ্যজুড়ে তীব্র অস্থিরতা তৈরি হয়েছে। এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম এক লাফে অনেকটাই বেড়ে গেছে।

হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল স্থগিত থাকার খবরে সোমবার এশিয়ার বাজার খোলার শুরুতেই তেলের দাম ১০ শতাংশের বেশি বাড়তে দেখা যায়। পরবর্তীতে দাম কিছুটা কমলেও ঊর্ধ্বমুখী প্রবণতা বজায় রয়েছে। ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেলপ্রতি প্রায় ৭৯ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে যা আগের চেয়ে প্রায় ৯ শতাংশ বেশি। অন্যদিকে নিমেক্স লাইট সুইট অয়েলের দাম প্রায় সাড়ে ৮ শতাংশ বেড়ে ৭২ দশমিক ৭০ ডলারে দাঁড়িয়েছে।

স্থানীয় সময় শনিবার ইরানে আকস্মিক হামলা চালায় ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। এই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিসহ শীর্ষস্থানীয় বেশ কয়েকজন নেতা নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এর জবাবে ইরানও পাল্টা আঘাত হেনেছে। তেহরান ইসরায়েলের বিভিন্ন স্থান এবং মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তু করছে।

এদিকে ইসরায়েলের হাইফার কাছে একটি সামরিক ঘাঁটিতে হিজবুল্লাহর রকেট ও ড্রোন হামলার পর লেবাননের রাজধানী বৈরুতে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল।

হিজবুল্লাহ জানিয়েছে যে লেবাননের জনগণ এবং ইরানের সর্বোচ্চ নেতার হত্যার প্রতিশোধ হিসেবে তারা এই আক্রমণ চালিয়েছে।

এনএন/ ২ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language