জাতীয়

বইমেলার সময়সূচিতে পরিবর্তন, আজ মেলা খুলবে দুপুর ২টায়

ঢাকা, ১ মার্চ – অমর একুশে বইমেলার সময়সূচিতে আজ কিছুটা পরিবর্তন আনা হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী আজ মেলা শুরু হবে দুপুর ২টায় এবং চলবে রাত ৯টা পর্যন্ত। মেলার নিয়মিত আয়োজনের অংশ হিসেবে বিকেল ৩টায় মূলমঞ্চে অনুষ্ঠিত হবে ‘স্মরণ : হামিদুজ্জামান খান’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এই আলোচনা সভায় সভাপতিত্ব করবেন লালারুখ সেলিম এবং প্রবন্ধ উপস্থাপন করবেন নাসিমুল খবির।

আলোচনায় অংশগ্রহণ করবেন আইভি জামান। আলোচনা সভা শেষে বিকেল ৪টায় শুরু হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গত শনিবার মেলায় নতুন বই এসেছে ৩৮টি এবং মেলার শুরু থেকেই নতুন বইয়ের প্রদর্শনীতে মুখর হয়ে উঠেছে প্রাঙ্গণ। এদিকে মেলা উপলক্ষে আয়োজিত বিভিন্ন আলোচনায় ভাষা সংগ্রামী আহমদ রফিকের জীবন ও কর্ম তুলে ধরছেন বক্তারা। মোস্তফা তারিকুল আহসান বলেন আহমদ রফিক ছিলেন সৃজনশীল ও সংবেদনশীল মানুষ যিনি একটি অসাম্প্রদায়িক এবং গণতান্ত্রিক জাতি গঠনের স্বপ্ন দেখতেন।

তিনি আরও উল্লেখ করেন যে আহমদ রফিক সামাজিক অন্যায় ও অবিচারের বিরুদ্ধে সর্বদা সাহসী ভূমিকা রেখেছেন। অন্যদিকে অধ্যাপক মনসুর মুসা বলেন আহমদ রফিক শুধু ভাষা সংগ্রামীই নন তিনি ছিলেন জীবন সংগ্রামীও। মানুষের জীবনমান উন্নয়নে আজীবন সংগ্রামের মাধ্যমে তিনি তাঁর বৈচিত্র্যময় সৃজনশীল কাজ দিয়ে মানুষের মাঝে বেঁচে থাকবেন।

এস এম/ ১ মার্চ ২০২৬


Back to top button
🌐 Read in Your Language