নাটোর

দরিদ্র বয়োজ্যেষ্ঠ নারীদের অগ্রাধিকার দিয়ে চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

নাটোর, ২৮ ফেব্রুয়ারি – মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমীন জানিয়েছেন ফ্যামিলি কার্ড কর্মসূচির আওতায় প্রাথমিকভাবে দেশের হতদরিদ্র, দরিদ্র এবং নিম্নবিত্ত শ্রেণির বয়োজ্যেষ্ঠ নারীদের অগ্রাধিকার দেওয়া হবে। পর্যায়ক্রমে মধ্যবিত্ত ও উচ্চবিত্ত শ্রেণিকে অন্তর্ভুক্ত করে এই কর্মসূচিকে সর্বজনীন রূপ দেওয়া হবে।

শনিবার বেলা ১১টার দিকে নাটোর সার্কিট হাউসে আয়োজিত জেলার প্রশাসনিক ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য জানান। প্রতিমন্ত্রী উল্লেখ করেন আগামী ১০ মার্চ দেশের ১৪টি ইউনিটে ফ্যামিলি কার্ডের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হতে যাচ্ছে। সুবিধাভোগী নির্বাচনের ক্ষেত্রে নির্ধারিত পদ্ধতি অনুসরণ করে অত্যন্ত সুচিন্তিত ও দক্ষভাবে কাজ পরিচালনা করা হচ্ছে। এই বাছাই প্রক্রিয়ায় কোনো ধরনের রাজনৈতিক প্রভাব খাটানোর সুযোগ থাকবে না।

নির্বাচিত সুবিধাভোগীরা জি টু পি বা সরকার থেকে জনগণের কাছে পদ্ধতিতে সরাসরি ব্যাংক অথবা মোবাইল ব্যাংকিং হিসাবের মাধ্যমে তাদের প্রাপ্য সুবিধা বুঝে পাবেন। সভায় প্রতিমন্ত্রী আরও বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দায়িত্ব গ্রহণের পর দেশকে এগিয়ে নেওয়ার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছেন। এর অংশ হিসেবে কৃষকদের ১০ হাজার টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। সারা দেশে সর্বমোট সাড়ে ১২ হাজার কোটি টাকার বেশি কৃষি ঋণ মওকুফ করা হয়েছে। নাটোর জেলা প্রশাসক আসমা শাহীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মুহম্মদ আবদুল ওয়াহাব, সিভিল সার্জন ডা. মুহাম্মদ মুক্তাদির আরেফীন এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. নজরুল ইসলাম।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language