মধ্যপ্রাচ্য

ইরানে হামলা: শান্তি আলোচনার নামে যুক্তরাষ্ট্রের প্রতারণা, দাবি রাশিয়ার

তেহরান, ২৮ ফেব্রুয়ারি – ইরানে যৌথ হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। শনিবার ভোরে রাজধানী তেহরানসহ দেশটির বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় এই হামলা চালানো হয়।

বিশ্লেষকদের মতে এই হামলার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে নতুন করে যুদ্ধের দামামা বেজে উঠল। তবে সংঘাত এড়াতে চলতি মাসেই যুক্তরাষ্ট্রের সঙ্গে তিনবার দ্বিপাক্ষিক বৈঠক করেছিল ইরান। আগামী সপ্তাহে দুই পক্ষের মধ্যে আবারও আলোচনায় বসার কথা ছিল। কিন্তু পূর্বনির্ধারিত সেই বৈঠকের আগেই ইরানে এই হামলার ঘটনা ঘটল।

আলোচনা চলাকালীন এমন হামলার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। রাশিয়ার সিকিউরিটি কাউন্সিলের ডেপুটি চেয়ারম্যান ও সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ এই ঘটনাকে যুক্তরাষ্ট্রের প্রতারণা হিসেবে অভিহিত করেছেন। তিনি মন্তব্য করেন যে আলোচনার আড়ালে মূলত হামলার প্রস্তুতিই নিচ্ছিল ওয়াশিংটন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সমালোচনা করে মেদভেদেভ বলেন তথাকথিত শান্তিরক্ষক ট্রাম্প নিজের আসল রূপ প্রকাশ করেছেন। ইরানের সঙ্গে হওয়া সব আলোচনাই ছিল প্রতারণাপূর্ণ কৌশল যা নিয়ে কারোরই সন্দেহ থাকা উচিত নয়।

মূলত যুক্তরাষ্ট্র কখনোই আন্তরিকভাবে আলোচনায় আগ্রহী ছিল না বলে মন্তব্য করেন তিনি।

এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language