টাঙ্গাইল

টাঙ্গাইলে রিসোর্ট ও স্পা সেন্টারের কারণে ধ্বংসের মুখে ঐতিহ্যবাহী বালিকা বিদ্যালয়

টাঙ্গাইল, ২৮ ফেব্রুয়ারি – টাঙ্গাইলের বাসাইলের নূরজাহান বালিকা উচ্চবিদ্যালয় দীর্ঘকাল ধরে নারীশিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও বর্তমানে তা ধ্বংসের দ্বারপ্রান্তে এসে দাঁড়িয়েছে। চার শতাধিক ছাত্রীর মুখর পদচারণা থাকা এই প্রতিষ্ঠানটিতে শিক্ষার্থীর সংখ্যা কমে এখন মাত্র ৮০ জনে ঠেকেছে। বিদ্যালয় সংলগ্ন এলাকায় ‘ওয়াটার গার্ডেন রিসোর্ট ও স্পা সেন্টার’ চালু হওয়ার পর থেকেই এই সংকটের সৃষ্টি হয়েছে।

অভিযোগ রয়েছে, বালিকা বিদ্যালয়ের ভেতর দিয়েই রিসোর্ট ও স্পা সেন্টারে যাতায়াতের ব্যবস্থা রাখা হয়েছে, যা নিয়ে তীব্র বিতর্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে। একই গেট ও রাস্তা ব্যবহার করছে স্কুলের কিশোরী ছাত্রী এবং রিসোর্টে আগত অতিথিরা। এই রিসোর্টটির মালিকানায় রয়েছেন বাংলাদেশ ব্যাংকের সদ্য বিদায়ী গভর্নর আহসান হাবিব মনসুর। রিসোর্ট নির্মাণের সময় বিদ্যালয়ের সীমানা বা ছাত্রীদের নিরাপত্তার কথা বিবেচনা করে পৃথক কোনো প্রবেশপথ বা প্রাচীর নির্মাণ করা হয়নি। ফলে স্কুল চলাকালীন এবং বিকেলে এক ধরনের মিশ্র পরিবেশ তৈরি হচ্ছে, যা অভিভাবক ও স্থানীয়দের মধ্যে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে।

২০২২ সালে জেলা শিক্ষা অফিস থেকে তৎকালীন শিক্ষা অফিসার লায়লা খানম ১৫ দিনের মধ্যে আলাদা গেট নির্মাণের নির্দেশ দিলেও রিসোর্ট কর্তৃপক্ষ তা অমান্য করে। পরবর্তীতে এলাকাবাসীর রিটের পরিপ্রেক্ষিতে ২০২৪ সালের ১৪ মে হাইকোর্ট থেকেও আলাদা গেট করার নির্দেশ দেওয়া হয়, কিন্তু সেই নির্দেশও উপেক্ষিত হয়েছে। স্থানীয়দের অভিযোগ, রিসোর্টের ভেতরে বিশেষ অফারের নামে নারীদের দিয়ে নৃত্য পরিবেশনা এবং মদের আসর বসানো হয়। বিদ্যালয়ের ৩০৬.৫ শতাংশ জমির মধ্যে প্রায় ১০০ শতাংশ জমি বর্তমানে রিসোর্টের দখলে চলে গেছে বলে অভিযোগ রয়েছে।

এমনকি বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বাসভবনটিও এখন রিসোর্টের কাজে ব্যবহৃত হচ্ছে। নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানান, একটি বালিকা বিদ্যালয়ের পাশেই স্পা সেন্টার পরিচালনা এবং একই গেট ব্যবহার ছাত্রীদের নিরাপত্তার জন্য হুমকিস্বরূপ। বিদ্যালয়ের বাউন্ডারি নির্মাণের জন্য বরাদ্দকৃত সরকারি অর্থ রিসোর্টের কাজে ব্যবহারের অভিযোগও উঠেছে সাবেক এই গভর্নরের বিরুদ্ধে। বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা আকলিমা খাতুন জানিয়েছেন, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ রক্ষা করা প্রশাসনের সর্বোচ্চ অগ্রাধিকার এবং অভিযোগের বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। অন্যদিকে রিসোর্ট কর্তৃপক্ষের দাবি, মালিকপক্ষ দেশে ফিরলে পৃথক প্রবেশপথ নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

এস এম/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language