জাতীয়

ঢাকা ও আশপাশে তাপমাত্রা বাড়ার আভাস, আবহাওয়া থাকবে শুষ্ক

ঢাকা, ২৮ ফেব্রুয়ারি – ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আগামী কয়েক ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পাওয়ার পূর্বাভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ফলে দিনের বেলায় গরমের অনুভূতি পূর্বের তুলনায় কিছুটা বাড়তে পারে।

শনিবার সকালে অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত পরবর্তী ছয় ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানানো হয়।

পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে তবে আবহাওয়া প্রধানত শুষ্কই থাকবে। এ সময় উত্তর বা উত্তর পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে হালকা থেকে মাঝারি ধরনের বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য বাড়ার সম্ভাবনা রয়েছে।

শনিবার সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের আর্দ্রতা ছিল ৭৬ শতাংশ। গতকাল এই অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

আজ সূর্যাস্ত হবে সন্ধ্যা ৬টা ১ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৬টা ২১ মিনিটে। গত ২৪ ঘণ্টায় কোথাও কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। এছাড়া সারাদেশেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি বলে জানিয়েছে অধিদপ্তর।

এনএন/ ২৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language