জাতীয়
সেলিমা রহমানকে দেখতে হাসপাতালে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বেগম সেলিমা রহমান অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাকে দেখতে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে গিয়েছেন প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক আ ন ম মনোয়ারুল কাদির বিটু।
শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে তিনি হাসপাতালে উপস্থিত হন। এ সময় তিনি অন্যান্য চিকিৎসকদের সঙ্গে নিয়ে প্রবীণ বিএনপি নেত্রী বেগম সেলিমা রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন। পরিদর্শনের সময় তিনি সেলিমা রহমানের পরিবারের সদস্যদের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া দায়িত্বরত চিকিৎসকরা তাকে রোগীর বর্তমান শারীরিক অবস্থা এবং চলমান চিকিৎসা প্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত অবহিত করেন। রাজনৈতিক মতপার্থক্যের উর্ধ্বে এই সৌজন্য সাক্ষাৎকে ইতিবাচক হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬









