রাজশাহী বিভাগ

উন্নত দেশের আদলে ভূমি সেবায় ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু হবে: ভূমিমন্ত্রী

রাজশাহী, ২৭ ফেব্রুয়ারি – ভূমি সংক্রান্ত যাবতীয় জটিলতা ও অনিয়ম দূরীকরণে উন্নত বিশ্বের আদলে ‘ওয়ান স্টপ সার্ভিস’ চালু করার ঘোষণা দিয়েছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। শুক্রবার রাজশাহীর পদ্মা কমিউনিটি সেন্টারে সর্বস্তরের মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

মন্ত্রী স্পষ্ট করেন যে ভূমি মন্ত্রণালয়ের আধুনিকায়নের প্রধান উদ্দেশ্য হলো সেবাপ্রার্থীদের ভোগান্তি লাঘব করা এবং দাপ্তরিক কাজে স্বচ্ছতা নিশ্চিত করা। মন্ত্রণালয় সম্পূর্ণ আইন দ্বারা পরিচালিত হচ্ছে উল্লেখ করে তিনি জানান, বিদ্যমান আইনের আলোকেই প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হচ্ছে। যেখানেই অনিয়ম বা জটিলতা পরিলক্ষিত হবে, সেখানেই তাৎক্ষণিক সংশোধনের ব্যবস্থা নেওয়া হবে।

মিজানুর রহমান মিনু আরও বলেন, ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে এবং দ্রুততম সময়ে সেবা নিশ্চিত করতে এই একক সেবা কেন্দ্র বা ‘ওয়ান স্টপ সার্ভিস’ কার্যকর ভূমিকা রাখবে। এর ফলে সাধারণ মানুষ সহজে ও স্বল্প সময়ে তাদের কাঙ্ক্ষিত সেবা পাবেন। এ সময় তিনি রাজশাহীবাসীর প্রত্যাশা পূরণে আইটি সেক্টরসহ উত্তরাঞ্চলে শিল্পঘন পরিবেশ সৃষ্টি করে ব্যাপক কর্মসংস্থান তৈরির প্রতিশ্রুতিও দেন। সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language