৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড ওয়ারফেজকে একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও জনপ্রিয় মিউজিক ব্যান্ড ওয়ারফেজকে ‘একুশে পদক ২০২৬’ প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের দ্বিতীয় সর্বোচ্চ এই বেসামরিক সম্মাননা তুলে দেন। সকাল ১০টা ৫৩ মিনিটে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে উপস্থিত হন এবং জাতীয় সংগীত ও ধর্মগ্রন্থ পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়।
এবারের আয়োজনে অভিনয়ে ফরিদা আক্তার ববিতা, চারুকলায় অধ্যাপক মো. আব্দুস সাত্তার, স্থাপত্যে মেরিনা তাবাসসুম, সংগীতে প্রয়াত আইয়ুব বাচ্চু, নৃত্যে অর্থি আহমেদ, পালা গানে ইসলাম উদ্দিন পালাকার, সাংবাদিকতায় শফিক রেহমান, শিক্ষায় প্রফেসর ড. মাহবুবুল আলম মজুমদার ও ভাস্কর্যে তেজস হালদার জস একুশে পদক পেয়েছেন। এছাড়া দলীয়ভাবে এই সম্মাননা অর্জন করেছে জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ। মরণোত্তর পদকপ্রাপ্ত আইয়ুব বাচ্চুর পক্ষে তার স্ত্রী ফেরদৌস আক্তার চন্দনা এবং ওয়ারফেজ ব্যান্ডের পক্ষে দলনেতা শেখ মুনিরুল আলম টিপু প্রধানমন্ত্রীর হাত থেকে পদক গ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে একুশে পদক নিয়ে রিকশায় চড়ে বাড়ি ফেরেন ওয়ারফেজ ব্যান্ডের সদস্যরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এই আনন্দঘন মুহূর্তের ছবি শেয়ার করেন ব্যান্ডের সদস্য ইব্রাহিম আহমেদ কমল। ছবির ক্যাপশনে তিনি রিকশায় করে পদক নিয়ে ফেরার বিষয়টি উল্লেখ করেন।
এসএএস/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬









