শেরপুরে বিএসটিআইয়ের ভুয়া লোগো ব্যবহার: ২ কারখানাকে জরিমানা ও সিলগালা

নকলা, ২৭ ফেব্রুয়ারি – শেরপুরের নকলায় বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহার এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের দায়ে দুটি কারখানাকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) গোপন তথ্যের ভিত্তিতে উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) যৌথভাবে এই অভিযান পরিচালনা করে।
অভিযানে নেতৃত্ব দেন নকলা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আফরিন এ্যানি। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, উপজেলার পূর্ব চিথলিয়া ও জালালপুর এলাকায় ‘আলিফ ফুড এন্ড বেকারি’ এবং ‘মিথিল আইসক্রিম এন্ড ফুড প্রোডাক্ট’ নামক দুটি প্রতিষ্ঠানে দীর্ঘদিন ধরে অনিয়ম চলে আসছিল। অভিযানে দেখা যায়, কারখানা দুটিতে মান নিয়ন্ত্রণের জন্য কোনো ল্যাব নেই এবং অত্যন্ত নোংরা পরিবেশে খালি হাতেই খাদ্যপণ্য প্যাকেটজাত করা হচ্ছে।
প্রতিষ্ঠানগুলোর বিএসটিআইয়ের অনুমোদন, পরিবেশ ছাড়পত্র বা কারখানা স্থাপনের কোনো বৈধ কাগজপত্র ছিল না। এ সময় মিথিল ফুড প্রোডাক্ট থেকে বিপুল পরিমাণ চিপস, চানাচুর, মটর ভাজা ও নকল আইসক্রিম জব্দ করে ধ্বংস করা হয় এবং প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, আলিফ ফুড এন্ড বেকারি থেকে ৭১০ কেজি সেমাই জব্দ করে ৩৫ হাজার টাকা জরিমানা এবং কারখানাটি সিলগালা করে দেওয়া হয়। অভিযানে বিএসটিআই কর্মকর্তা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
এস এম/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬









