এনসিপির প্রতিষ্ঠাবার্ষিকীর আমন্ত্রণ গ্রহণ করলেন সালাহউদ্দিন আহমেদ

ঢাকা, ২৭ ফেব্রুয়ারি – জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ইফতার মাহফিলের আমন্ত্রণ গ্রহণ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাতে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জ্যেষ্ঠ এই বিএনপি নেতার বাসভবনে গিয়ে সরাসরি তাঁর হাতে আমন্ত্রণপত্রটি তুলে দেন।
পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসের মাধ্যমে আখতার হোসেন নিশ্চিত করেন যে, সালাহউদ্দিন আহমেদ সানন্দে এই দাওয়াত কবুল করেছেন।
ফেসবুক পোস্টে তিনি উল্লেখ করেন, ‘দেশ যাবে নতুন পথে, ফিরবে না আর ফ্যাসিবাদে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখেই এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হতে যাচ্ছে। রাজধানীর ধানমন্ডি আবাহনী মাঠে আয়োজিত ইফতার মাহফিলের মধ্য দিয়েই শুরু হবে প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আনুষ্ঠানিকতা।
সংগঠনটির সদস্য সচিব আরও জানান, উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সম্মতি জানিয়েছেন সালাহউদ্দিন আহমেদ।
এনএন/ ২৭ ফেব্রুয়ারি ২০২৬









