সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়: প্রধানমন্ত্রী

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। বৃহস্পতিবার বিকেলে বাংলা একাডেমি প্রাঙ্গণে অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে দেশে একটি গণতান্ত্রিক সরকারের যাত্রা শুরু হয়েছে। জনগণের প্রতি জবাবদিহিমূলক এ সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায়। তিনি আশা প্রকাশ করেন, অমর একুশে বইমেলা কেবল বই বেচাকেনার মেলা না হয়ে শিক্ষা ও সাংস্কৃতিক বিকাশের সূতিকাগার হয়ে উঠবে।
এ সময় প্রধানমন্ত্রী একটি সমৃদ্ধ, মেধাভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সম্মিলিত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অমর একুশে বইমেলা ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠান শুরু হয়। সুরসপ্তকের শিল্পীরা জাতীয় সংগীত পরিবেশন করেন এবং এরপর বিভিন্ন ধর্মগ্রন্থ পাঠ করা হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী তাঁর বক্তব্যে বই পড়ার গুরুত্বের ওপর বিশেষ জোর দেন। তিনি বলেন, বই ছাড়া ঘর আত্মা ছাড়া দেহের মতো।
বিজ্ঞানীদের মতে বই পড়া মস্তিষ্কের কোষগুলোর মধ্যে নতুন সংযোগ তৈরি করে এবং স্মৃতিশক্তি বাড়ায়। আন্তর্জাতিক জরিপের উদ্ধৃতি দিয়ে তিনি আক্ষেপ প্রকাশ করে জানান, ১০২টি দেশের পাঠাভ্যাস জরিপে বাংলাদেশের অবস্থান ৯৭তম এবং নাগরিকরা বছরে গড়ে মাত্র তিনটি বই পড়েন। এই চিত্র পাল্টানোর আহ্বান জানান তিনি। বাংলা একাডেমিকে ভবিষ্যতের জন্য দিকনির্দেশনা দিয়ে প্রধানমন্ত্রী বলেন, অমর একুশে বইমেলাকে আগামীতে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজনের বিবেচনা করতে হবে।
পাশাপাশি জাতিসংঘে বাংলাকে দাপ্তরিক ভাষা হিসেবে প্রতিষ্ঠার প্রচেষ্টা অব্যাহত থাকবে। তিনি বইমেলাকে কেবল ঢাকা কেন্দ্রিক না রেখে সারা বছর দেশের প্রতিটি বিভাগ, জেলা ও উপজেলায় ছড়িয়ে দেওয়ার আহ্বান জানান। বক্তব্যের শেষে প্রধানমন্ত্রী দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটি নিরাপদ ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে দেশবাসীর সহযোগিতা কামনা করেন। এরপর তিনি ফিতা কেটে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ও স্টল পরিদর্শন করেন। অনুষ্ঠানে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









