উত্তর আমেরিকা

বিশ্ববাজারে সোনার দামে বড় উল্লম্ফন, নেপথ্যে তিন কারণ

ওয়াশিংটন, ২৬ ফেব্রুয়ারি – বিশ্ববাজারে গত দিনের তুলনায় আবারও বেড়েছে সোনার দাম। বৃহস্পতিবার স্পট গোল্ডের দাম প্রতি আউন্সে ২২ ডলার বেড়ে ৫ হাজার ১৮৭ মার্কিন ডলারের কাছাকাছি অবস্থান করছে। এর আগে বুধবার এই দাম ছিল ৫ হাজার ১৬৫ ডলার।

গত জানুয়ারির শেষ দিকে সোনার দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছিল, যখন প্রতি আউন্স বিক্রি হয় ৫ হাজার ৫৯৪ ডলারে।

বর্তমানে দাম কিছুটা স্থিতিশীল মনে হলেও গত বছরের তুলনায় তা প্রায় ৬৪ শতাংশ বেশি। এছাড়া চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত সোনার দাম প্রায় ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

বাজার বিশ্লেষকদের মতে, মূলত তিনটি প্রধান কারণে সোনার বাজার উর্ধ্বমুখী। প্রথমত, মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা এবং ইরানের ওপর নিষেধাজ্ঞার ফলে নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়েছে।

দ্বিতীয়ত, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন বিশ্বের সব দেশের ওপর নতুন করে ১৫ শতাংশ শুল্ক আরোপ করেছে। এতে বিশ্ব বাণিজ্যে অস্থিরতা তৈরির পাশাপাশি ডলারের ওপর বিনিয়োগকারীদের আস্থা কমেছে। ফলে তারা বিনিয়োগের মাধ্যম হিসেবে সোনা বেছে নিচ্ছেন।

তৃতীয়ত, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো ডলারের পরিবর্তে রিজার্ভ হিসেবে সোনা মজুদ করছে, যা এই মূল্যবান ধাতুর দাম বৃদ্ধিতে ভূমিকা রাখছে।

এদিকে বিশ্লেষক সংস্থা ইউবিএস এবং গোল্ডম্যান স্যাকসের পূর্বাভাস অনুযায়ী, ২০২৬ সালের শেষ নাগাদ সোনার দাম আউন্সপ্রতি ৫ হাজার ৪০০ থেকে ৬ হাজার ৩০০ ডলার পর্যন্ত পৌঁছাতে পারে।

এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language