বইমেলা হোক শিক্ষা ও সংস্কৃতি বিকাশের সূতিকাগার: প্রধানমন্ত্রী তারেক রহমান

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে জনগণের সরাসরি ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকার দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চায় বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে বিশ্বের অনেক দেশে বইমেলা হলেও বাংলাদেশের বইমেলা অনন্য কারণ এটি মাতৃভাষার অধিকার আদায়ের স্মারক। মেলার পরিসর বাড়লেও গবেষণাধর্মী বই প্রকাশ এবং মানুষের পাঠাভ্যাস বৃদ্ধির বিষয়ে তিনি গুরুত্বারোপ করেন।
বই পড়ার গুরুত্ব তুলে ধরে তিনি রোমান দার্শনিক সিসেরোর উক্তি উদ্ধৃত করেন এবং বলেন যে বই ছাড়া ঘর আত্মা ছাড়া দেহের মতো। তিনি বলেন ইন্টারনেট আসক্তি তরুণ প্রজন্মকে বইবিমুখ করছে যা উদ্বেগের বিষয়। ইন্টারনেটের মাধ্যমে জ্ঞানার্জন সম্ভব হলেও বইয়ের পাতার গভীরতা সেখানে পাওয়া যায় না।
তিনি উল্লেখ করেন যে বই পড়া মস্তিষ্কের জন্য উপকারী এবং এটি আলঝেইমার ও ডিমেনশিয়ার ঝুঁকি কমায়। বই পড়ার বৈশ্বিক সূচকে বাংলাদেশের পিছিয়ে থাকার বিষয়টি তুলে ধরে প্রধানমন্ত্রী জানান ১০২টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ৯৭তম।
তিনি আশা প্রকাশ করেন যে বইমেলা নিছক উৎসব না হয়ে পাঠাভ্যাস গড়ে তোলার মাধ্যম হবে। তিনি অমর একুশে বইমেলাকে ভবিষ্যতে অমর একুশে আন্তর্জাতিক বইমেলা হিসেবে আয়োজনের প্রস্তাব দেন যাতে বিশ্বসাহিত্যের সঙ্গে পরিচিতি বাড়ে। এছাড়া বাংলা ভাষাকে জাতিসংঘের দাপ্তরিক ভাষা হিসেবে স্বীকৃতির প্রচেষ্টার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।
মেলা শুধু ঢাকায় সীমাবদ্ধ না রেখে সারা দেশে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন প্রকাশক ও সংস্কৃতি মন্ত্রণালয়কে এ বিষয়ে উদ্যোগী হতে হবে। তরুণদের মেধা বিকাশে বাংলা একাডেমির বিভিন্ন কর্মসূচির কথাও তিনি তাঁর বক্তব্যে তুলে ধরেন।
এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









