কুড়িগ্রাম

কুড়িগ্রামে নাব্যতা হারানো ধরলা ও বারোমাসিয়ার বুকে এখন সবুজের সমারোহ

কুড়িগ্রাম, ২৬ ফেব্রুয়ারি – এক সময়ের খরস্রোতা ধরলা ও বারোমাসিয়া নদী এখন নাব্যতা হারিয়ে অনেকটা মৃতপ্রায় অবস্থায় পৌঁছেছে। জলবায়ু পরিবর্তন এবং পলি জমার কারণে এই নদীগুলোর বুকজুড়ে জেগে উঠেছে অসংখ্য চর। ধু ধু বালুচরগুলো আজ পরিণত হয়েছে সবুজ ফসলের মাঠে আর নদীর বুকে দোল খাচ্ছে স্থানীয় কৃষকদের রঙিন স্বপ্ন।

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় সরেজমিনে দেখা যায় ধরলা ও বারোমাসিয়া এবং নীলকমল নদীর চরে কৃষকরা বোরো ধান ও ভুট্টা এবং তামাকসহ নানা ধরনের ফসলের আবাদ করছেন। চারদিকে এখন শুধুই সবুজের সমারোহ এবং নদীর অনেক স্থানে পানি না থাকায় মানুষ হেঁটেই পারাপার হচ্ছেন।

তবে নদীর নাব্যতা কমে যাওয়ায় চরম বিপাকে পড়েছেন স্থানীয় জেলে পরিবারগুলো। একসময় এসব নদীতে দেশি প্রজাতির মাছ শিকার করে তারা জীবিকা নির্বাহ করতেন কিন্তু বর্তমানে পানি কমে যাওয়ায় মাছের প্রাপ্যতা হ্রাস পেয়েছে এবং এর ফলে তাদের আয়রোজগারও কমে গেছে। স্থানীয় কৃষক আলতাফ হোসেন ও মজিবর রহমান জানান একসময় ধরলার ভাঙনে তারা ঘরবাড়ি ও জমি হারিয়েছিলেন।

এখন সেই নদীর পলিমাটিতে বোরো চাষ করে তারা স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখছেন। প্রতি বিঘায় পঁচিশ থেকে আঠাশ মণ ধান পাওয়ার আশা করছেন তারা তবে উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় উৎপাদিত ফসলের ভালো দাম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন কৃষকরা। বারোমাসিয়া নদীর বুকে ভুট্টা চাষ করেছেন ওই এলাকার জ্যোতিন্দ্র নারায়ণ ও আমজাদ হোসেন এবং রশিদ মিয়াসহ আরও অনেকে।

আবহাওয়া অনুকূলে থাকায় তারা ভুট্টা চাষে এবার বাম্পার ফলনের আশা করছেন। একই এলাকার ইউপি সদস্য জমসেদ আলী জানান প্রায় দশ থেকে পনেরো বছর ধরে তিনি ধরলার বুকে বোরো ও ভুট্টার চাষাবাদ করে আসছেন। প্রতি বছরই বোরো ও ভুট্টার ভালো ফলন হয় এবং এ বছরও ভালো ফলনের প্রত্যাশা করছেন তিনি।

ফুলবাড়ী উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. নিলুফা ইয়াছমিন জানান চলতি মৌসুমে উপজেলায় বোরো চাষের লক্ষ্যমাত্রা দশ হাজার দুশো পাঁচ হেক্টর যার অধিকাংশই অর্জিত হয়েছে।

নদী অববাহিকাতেও উল্লেখযোগ্য পরিমাণ জমিতে বোরো ও ভুট্টার আবাদ হয়েছে এবং আবহাওয়া অনুকূলে থাকলে ভালো ফলনের সম্ভাবনা রয়েছে বলে জানান তিনি। এদিকে নদীর প্রাণ ফিরিয়ে আনা এবং জীববৈচিত্র্য রক্ষায় কার্যকর উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।

এ এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language