নাটোরে কলেজছাত্র হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড

নাটোর, ২৬ ফেব্রুয়ারি – নাটোরের সিংড়ায় কলেজছাত্র আব্দুল কাহার ওরফে আতিক হত্যা মামলায় দুই আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
পাশাপাশি দণ্ডপ্রাপ্ত প্রত্যেককে ১০ লাখ টাকা করে জরিমানা এবং অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে নাটোরের অতিরিক্ত দায়রা জজ আদালত-৪ এর বিচারক মো. দেলোয়ার হোসেন আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন সিংড়া উপজেলার বড়গ্রাম দক্ষিণপাড়া মহল্লার মৃত আব্দুল মজিদ মণ্ডলের ছেলে মাসুদ রানা এবং একই এলাকার মৃত ফজলার রহমানের ছেলে মিজানুর রহমান মিন্টু। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ২০১৪ সালের ২৪ ডিসেম্বর সন্ধ্যায় পরিচিত কয়েকজন ব্যক্তি কলেজছাত্র আব্দুল কাহার ওরফে আতিককে বাড়ি থেকে ডেকে নিয়ে যান।
পরদিন সকালে বাড়ির অদূরে একটি পুকুরপাড় থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় নিহতের বাবা আব্দুর রশীদ বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতপরিচয় আরও কয়েকজনকে আসামি করে সিংড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর পুলিশ তদন্ত শুরু করে এবং মোবাইল ফোনের কললিস্টের সূত্র ধরে তদন্ত চালিয়ে মিজানুর রহমান মিন্টু ও মাসুদ রানাকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। জিজ্ঞাসাববাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করলে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ আইনি প্রক্রিয়া ও সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক অভিযুক্তদের যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডের এই রায় প্রদান করেন। আদালতের এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষ ও নিহতের পরিবার।
এ এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬









