জাতীয়

বইমেলা উদ্বোধন: ২ ঘণ্টা বন্ধ থাকবে ঢাবি মেট্রো স্টেশন

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – অমর একুশে বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে আজ দুপুরে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশন দুই ঘণ্টার জন্য বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

ভিভিআইপি নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা রক্ষার স্বার্থে দুপুর দেড়টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত এই স্টেশনে কোনো ট্রেন থামবে না এবং যাত্রীরা প্রবেশ বা বের হতে পারবেন না বলে নিশ্চিত করেছে মেট্রো স্টেশন কর্তৃপক্ষ। নির্ধারিত সময় শেষ হওয়ার পর ট্রেন চলাচল স্বাভাবিক হবে। এবারের বইমেলায় বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যান মিলিয়ে মোট ৫৪৯টি প্রকাশনা প্রতিষ্ঠান অংশ নিচ্ছে, যেখানে মোট ইউনিটের সংখ্যা ১ হাজার ১৮টি।

এর মধ্যে একাডেমি প্রাঙ্গণে ৮১টি এবং উদ্যানে ৪৬৮টি প্রতিষ্ঠানকে স্টল বরাদ্দ দেওয়া হয়েছে। গত বছর ৭০৮টি প্রতিষ্ঠান অংশ নিলেও এবার সংখ্যা কিছুটা কমেছে। এছাড়া সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের পাশে লিটল ম্যাগাজিন চত্বরে ৮৭টি স্টল এবং শিশুচত্বরে ৬৩টি প্রতিষ্ঠানের ১০৭টি ইউনিট থাকছে।

এস এম/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language