জাতীয়

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী আজ

ঢাকা, ২৬ ফেব্রুয়ারি – আজ বীরশ্রেষ্ঠ শহীদ ল্যান্স নায়েক নূর মোহাম্মদ শেখের ৯০তম জন্মবার্ষিকী। ১৯৭১ সালের ৫ সেপ্টেম্বর যশোর জেলার গোয়ালহাটি ও ছুটিপুরে পাকিস্তানি হানাদার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধে তিনি শহীদ হন।

নূর মোহাম্মদের বাবার নাম মোহাম্মদ আমানত শেখ এবং মায়ের নাম জেন্নাতুন্নেছা, মতান্তরে জেন্নাতা খানম। শৈশবেই তিনি বাবা ও মাকে হারান। সপ্তম শ্রেণি পর্যন্ত লেখাপড়া শেষ করে তিনি পূর্ব পাকিস্তান রাইফেলস বা ইপিআরে যোগদান করেন।

বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ২০০৮ সালের ১৮ মার্চ মহিষখোলার নাম পরিবর্তন করে ‘নূর মোহাম্মদনগর’ রাখা হয়।

নূর মোহাম্মদের কর্মজীবন থেকে জানা যায়, ১৯৫৯ সালের ২৬ ফেব্রুয়ারি তিনি ইপিআরে যোগ দেন যা বর্তমানে বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবি নামে পরিচিত। দিনাজপুর সীমান্তে দীর্ঘদিন দায়িত্ব পালনের পর ১৯৭০ সালের ১০ জুলাই তাকে যশোর সেক্টরে বদলি করা হয় এবং পরবর্তীতে তিনি ল্যান্স নায়েক পদে পদোন্নতি লাভ করেন।

১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধের সময় তিনি যশোর অঞ্চল নিয়ে গঠিত ৮ নম্বর সেক্টরে যুদ্ধ করেন। এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত এই সেক্টরের কমান্ডার ছিলেন কর্নেল (অব.) আবু ওসমান চৌধুরী এবং সেপ্টেম্বর থেকে ডিসেম্বর পর্যন্ত দায়িত্বে ছিলেন মেজর এস এ মঞ্জুর। নূর মোহাম্মদ যশোরের শার্শা উপজেলার কাশিপুর সীমান্তের বয়রা অঞ্চলে ক্যাপ্টেন নাজমুল হুদার নেতৃত্বে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তোলেন এবং দেশমাতৃকার জন্য আত্মত্যাগ করেন।

এনএন/ ২৬ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language