বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান, আহসান মনসুরের নিয়োগ বাতিল

ঢাকা, ২৫ ফেব্রুয়ারি – বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুরের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করে নতুন গভর্নর নিয়োগ দিয়েছে সরকার। কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন মো. মোস্তাকুর রহমান।
বুধবার অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে পৃথক দুটি প্রজ্ঞাপনে এই রদবদলের বিষয়টি জানানো হয়েছে।
উপসচিব মোহাম্মদ আবরাউল হাছান মজুমদার স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, গত বছরের ১৩ আগস্ট আহসান এইচ মনসুরকে দেওয়া নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হলো। অপর এক প্রজ্ঞাপনে মো. মোস্তাকুর রহমান এফসিএমএ-কে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেওয়ার কথা জানানো হয়েছে। শর্ত সাপেক্ষে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছরের জন্য তিনি এই দায়িত্ব পালন করবেন।
সরকারের সঙ্গে সম্পাদিত চুক্তির শর্ত অনুযায়ী তিনি বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে। জানা গেছে, বাংলাদেশ ব্যাংকের ১৪তম গভর্নর হিসেবে দায়িত্ব নেওয়া মোস্তাকুর রহমান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সদস্য। তিনি হেরা সোয়েটার্স নামের একটি পোশাক কারখানার স্বত্বাধিকারী।
এদিকে, বুধবার দুপুরে নিজের অপসারণের গুঞ্জনের মধ্যেই কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করেন বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুর। অফিস ত্যাগের সময় তিনি জানান, তিনি পদত্যাগ করেননি তবে খবরের মাধ্যমে বিষয়টি শুনেছেন।
৫ আগস্ট সরকারের পটপরিবর্তনের পর তৎকালীন গভর্নর আব্দুর রউফ তালুকদার পদত্যাগ করলে ১৩ আগস্ট আহসান এইচ মনসুরকে নিয়োগ দেওয়া হয়েছিল।
এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









