নির্বাচনী তহবিলের অনুদান ফেরত দেওয়ার ঘোষণা দিলেন ডা. তাসনিম জারা

ঢাকা-৯, ২৫ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা তার নির্বাচনী তহবিলে জমা পড়া অনুদানের অর্থ ফেরত দেওয়ার ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এই ঘোষণা দেন।
পোস্টে ডা. তাসনিম জারা অনুদানদাতাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে জানান যে যারা স্বতন্ত্র প্রার্থী হিসেবে তার নির্বাচনে অংশগ্রহণের পরিপ্রেক্ষিতে দেওয়া অনুদান ফেরত পেতে চান তারা নির্দিষ্ট ফর্ম পূরণ করে তা ফেরত নিতে পারবেন। ব্যাংক এবং বিকাশ উভয় মাধ্যমেই অনুদান ফেরত পাওয়ার সুযোগ রাখা হয়েছে। যারা ব্যাংকে টাকা দিয়েছিলেন এবং যারা বিকাশে পাঠিয়েছিলেন তাদের জন্য আলাদা দুটি গুগল ফর্মের লিংক শেয়ার করেছেন তিনি।
তিনি আরও উল্লেখ করেন যে যারা সরাসরি ব্যাংকে নগদ অর্থ জমা দিয়েছিলেন কিন্তু জমার রসিদ বা স্লিপ হারিয়ে ফেলেছেন তারাও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কিছু অতিরিক্ত যাচাই প্রক্রিয়ার মাধ্যমে তাদের অর্থ ফেরত দেওয়া হবে। আগামী ১০ মার্চ ২০২৬ তারিখের মধ্যে এই ফর্ম জমা দেওয়া যাবে বলে তিনি তার পোস্টে উল্লেখ করেছেন।
এস এম/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









