নাটোরের যুবলীগ নেতা ঢাকা থেকে গ্রেপ্তার

নাটোর, ২৫ ফেব্রুয়ারি – কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের নাটোর জেলা শাখার ভারপ্রাপ্ত সভাপতি মো. বাসিরুর রহমান খান এহিয়া চৌধুরীকে রাজধানীর মিরপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৫) তাকে গ্রেপ্তার করেছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম এ প্রতিবেদককে বিষয়টি নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কানাইখালী এলাকার ছাত্রদল নেতা সুজন হত্যা মামলার অন্যতম প্রধান আসামি এহিয়া চৌধুরী।
এছাড়া তার নামে হত্যাচেষ্টা, চাঁদাবাজি ও নাশকতার অভিযোগে অন্তত এক ডজন মামলা রয়েছে। অভিযোগ আছে, গত ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের আগে নাটোরে ছাত্রলীগ ও যুবলীগের সশস্ত্র মহড়া এবং আন্দোলন দমনে তিনি কঠোর ভূমিকা নিয়েছিলেন। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে দীর্ঘদিন ধরে আলোচনা চলছিল।
জেলা বিএনপির কয়েকজন নেতা দাবি করেছেন, এহিয়া চৌধুরী নাটোরে একজন চিহ্নিত সন্ত্রাসী ও অস্ত্রবাজ হিসেবে পরিচিত। তাদের অভিযোগ, তিনি প্রকাশ্যে আগ্নেয়াস্ত্র বহন করতেন এবং বিএনপির কর্মসূচিতে হামলায় নেতৃত্ব দিতেন। তার নামে গুলিবর্ষণ ও সহিংসতায় হতাহতের ঘটনাও রয়েছে।
ওসি জানান, আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে দ্রুত আদালতে সোপর্দ করা হবে।
এনএন/ ২৫ ফেব্রুয়ারি ২০২৬









