জাতীয়

৫ আগস্টের পর ব্যক্তিগত স্বার্থে নিরীহদের আসামি করা হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানিয়েছেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর দায়ের হওয়া অনেক মামলায় ব্যক্তিগত স্বার্থ হাসিলের উদ্দেশ্যে সাধারণ ও নিরীহ মানুষকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি উল্লেখ করেন যে একটি সুবিধাবাদী শ্রেণি এসব মামলা দায়ের করেছে এবং বিষয়টি সরকারের নজরে এসেছে। এসব ঘটনা যাচাই বাছাই করে সঠিক তথ্য উদ্ঘাটন করা হবে। আইনের শাসন প্রতিষ্ঠায় সরকার বদ্ধপরিকর এবং কেউ যাতে অহেতুক হয়রানির শিকার না হন সে বিষয়ে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকবে।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও জানান যে বিগত সরকারের আমলে গত ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের বিরুদ্ধে দায়ের করা আরও ১ হাজার ২০২টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।

এর আগে ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছিল। তবে হত্যা, মাদক, অস্ত্র, বিস্ফোরক এবং নারী ও শিশু নির্যাতন মামলা এই তালিকার বাইরে থাকবে।

মামলাগুলো প্রকৃতপক্ষেই রাজনৈতিক কি না তা সতর্কতার সঙ্গে যাচাই করতে একটি কমিটি গঠন করা হবে বলেও তিনি জানান।

এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language