জাতীয়

ড. ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলার হুঁশিয়ারি আইনজীবী মোহসিন রশীদের

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগ এনে মামলার হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি ও সুপ্রিম কোর্টের প্রবীণ আইনজীবী মোহসিন রশীদ। তাঁর অভিযোগ, ড. ইউনূসের বিভিন্ন কর্মকাণ্ড কেবল সংবিধান লঙ্ঘন নয় বরং তা রাষ্ট্রদ্রোহের পর্যায়ে পড়ে। সরকার যদি এ বিষয়ে কোনো পদক্ষেপ না নেয় তবে তিনি নিজেই আইনি ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানিয়েছেন।

সোমবার সিনিয়র সাংবাদিক মঞ্জুরুল আলম পান্নার ইউটিউব চ্যানেল মানচিত্রে আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। তিনি উল্লেখ করেন যে প্রধানমন্ত্রীর পদ শূন্য হওয়ার পর সাংবিধানিকভাবে রাষ্ট্রপতিই একমাত্র কার্যকর পদে ছিলেন। কিন্তু রাষ্ট্রপতির সঙ্গে যথাযথ যোগাযোগ রক্ষা না করা এবং গুরুত্বপূর্ণ নীতিগত সিদ্ধান্তের আগে তাকে অবহিত না করাকে তিনি গুরুতর লঙ্ঘন হিসেবে অভিহিত করেন। এই আইনজীবীর মতে এসব কর্মকাণ্ড রাষ্ট্রদ্রোহের শামিল। মোহসিন রশীদ আরও অভিযোগ করেন যে রাষ্ট্রপতিকে তাঁর সাংবিধানিক দায়িত্ব পালনে বাধা দেওয়া হয়েছে এবং তাকে মানসিক চাপে রাখা হয়েছিল।

রাষ্ট্রপতির কাছে পাঠানো বিভিন্ন নথিতে চাপ প্রয়োগ করে স্বাক্ষর নেওয়ার অভিযোগও তিনি উত্থাপন করেন। তিনি বলেন রাষ্ট্রপতি সহযোগিতা না করলে রাষ্ট্রে অচলাবস্থা সৃষ্টি হতে পারত এবং তাকে অসম্মান করা রাষ্ট্রের মর্যাদাহানির শামিল। প্রেস উইং অপসারণ এবং বঙ্গভবন ঘেরাওয়ের মতো ঘটনাগুলো রাষ্ট্রীয় শিষ্টাচারবিরোধী ছিল উল্লেখ করে তিনি এসব ঘটনার সঙ্গে ড. ইউনূসের সম্পৃক্ততা খতিয়ে দেখতে তদন্ত কমিশন গঠনের দাবি জানান। সংবিধানের ১০৬ অনুচ্ছেদ চ্যালেঞ্জ করার প্রসঙ্গে তিনি জানান যে এ বিষয়ে তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন এবং রায়ের সার্টিফায়েড কপি পেলে রিভিউ করবেন। সরকার কোনো তদন্ত কমিটি গঠন না করলে তিনি নোটিশ দিয়ে ড. ইউনূসকে পক্ষভুক্ত করে মামলার উদ্যোগ নেবেন বলে হুঁশিয়ারি দেন।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language