জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হয়েছে কিনা বুঝবেন যেভাবে

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – বর্তমানে ব্যক্তিগত ও দাপ্তরিক কাজে জিমেইল একটি অপরিহার্য মাধ্যম হয়ে দাঁড়িয়েছে। তবে সাম্প্রতিক সময়ে অনেকেরই জিমেইল অ্যাকাউন্ট হ্যাক হওয়ার ঘটনা ঘটছে এবং অধিকাংশ ব্যবহারকারীই জানেন না কীভাবে তাদের গুরুত্বপূর্ণ এই মেইল অ্যাকাউন্টটি সুরক্ষিত রাখতে হয়। গুগলের ই-মেইল পরিষেবা বা জিমেইলে অনেক সংবেদনশীল তথ্য সংরক্ষিত থাকে, তাই এর নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।
আপনার অজান্তে অন্য কেউ অ্যাকাউন্টটি ব্যবহার করছে কিনা তা যাচাই করতে অ্যান্ড্রয়েড ফোনের সেটিংস অপশনে যেতে হবে। সেখান থেকে গুগল অপশন নির্বাচন করে ‘ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট’ অপশনে ক্লিক করতে হবে। এরপর সিকিউরিটি বিভাগে গিয়ে স্ক্রল করে ‘ইউর ডিভাইস’ অপশন থেকে ‘ম্যানেজ অল ডিভাইস’ এ ক্লিক করলে সংযুক্ত সকল ডিভাইসের তালিকা দেখা যাবে। যদি সেখানে কোনো অপরিচিত ডিভাইস বা লোকেশন দেখা যায় যেখানে আপনি লগইন করেননি, তবে তাৎক্ষণিকভাবে ওই ডিভাইসের নামের ওপর ক্লিক করে সাইন আউট করতে হবে।
এ ছাড়া যদি মেইল বক্সে আপনার পাঠানো নয় এমন কোনো মেইল দেখা যায়, না পড়া মেইল স্বয়ংক্রিয়ভাবে পড়া হিসেবে চিহ্নিত হয় কিংবা ট্র্যাশ বা স্প্যাম বক্সে হঠাৎ অতিরিক্ত মেইল জমা হতে থাকে, তবে সতর্ক হতে হবে। নিরাপত্তার খাতিরে নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন, টু-স্টেপ ভেরিফিকেশন চালু রাখা এবং অপরিচিত বা অন্যের ডিভাইসে নিজের মেইল লগইন করা থেকে বিরত থাকার পরামর্শ দিয়েছেন প্রযুক্তি বিশেষজ্ঞরা।
এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬









