সাংবাদিক কল্যাণ ট্রাস্টের চেয়ারম্যান হলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের নতুন চেয়ারম্যান হিসেবে মনোনীত হয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সোমবার রাজধানীর সার্কিট হাউস রোডে অনুষ্ঠিত ট্রাস্টের ৩৯তম বোর্ড সভায় তাকে এই পদে মনোনীত করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন। সভায় মন্ত্রী ট্রাস্টের সহায়তা কার্যক্রমকে আরও স্বচ্ছ ও গতিশীল করার লক্ষ্যে সুবিধাভোগী সাংবাদিকদের একটি পূর্ণাঙ্গ ডাটাবেস তৈরির নির্দেশ প্রদান করেন।
প্রধান অতিথির বক্তব্যে তিনি উল্লেখ করেন যে জনগণ এবং সংবাদ মাধ্যমই দেশের সকল গুরুত্বপূর্ণ অর্জনের মূল চালিকাশক্তি। গণমাধ্যম জনআকাঙ্ক্ষাকে শক্তিশালী করেছে উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিত করাই তাদের অন্যতম প্রধান কাজ। এছাড়া নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালু এবং সরকারি হাসপাতালে বিশেষ চিকিৎসা সুবিধা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
নবনিযুক্ত চেয়ারম্যান ইয়াসের খান চৌধুরী তার বক্তব্যে চব্বিশের গণঅভ্যুত্থানে বস্তুনিষ্ঠ ও সাহসী সাংবাদিকতার জন্য গণমাধ্যমকর্মীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। সভায় ট্রাস্টের ভাইস চেয়ারম্যান ও তথ্য সচিব মাহবুবা ফারজানা, প্রধান তথ্য কর্মকর্তা মো. নিজামূল কবীর এবং পিআইবির মহাপরিচালক ফারুক ওয়াসিফসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সভা শেষে তথ্য ভবন অডিটোরিয়ামে সাংবাদিক পরিবারের ৪০২ জন মেধাবী সন্তানের মাঝে শিক্ষাবৃত্তির চেক বিতরণ করা হয়।
এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬









