সিলেট বিভাগ

সিলেটে রাতে অলিগলিতে আড্ডা দিলেই কঠোর ব্যবস্থা, পুলিশের বিশেষ নির্দেশনা

সিলেট, ২৪ ফেব্রুয়ারি – সিলেট মহানগর পুলিশ নগরবাসীকে নতুন করে সতর্কবার্তা দিয়েছে। রাতে অকারণে ঘরের বাইরে বা অলিগলিতে আড্ডা দিলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি উচ্চারণ করা হয়েছে। পবিত্র রমজান মাসে নগরীর বিভিন্ন মোড়ে ও অলিতে-গলিতে কিশোর ও তরুণদের দলবেঁধে আড্ডা দিতে দেখা যাচ্ছে। এদের অধিকাংশই স্কুল-কলেজের শিক্ষার্থী।

এসব আড্ডা থেকে প্রায়ই বেপরোয়া ঘটনা, এমনকি হত্যাকাণ্ডের মতো অপরাধ সংঘটিত হওয়ার নজির রয়েছে। বিষয়টি নিয়ে নগরজুড়ে অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। রমজানের শুরু থেকেই নগরীর বিভিন্ন এলাকায় এমন চিত্র দেখা যাচ্ছে, যেখানে গভীর রাত পর্যন্ত হই-হুল্লোড় ও ক্রিকেট খেলা চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার একটি গণবিজ্ঞপ্তি জারি করে রাতে কিশোর-তরুণদের আড্ডায় নিষেধাজ্ঞা আরোপ করেছেন। পুলিশ কর্মকর্তারা জানান, যেসব এলাকায় আড্ডা বেশি হয় সেখানে অভিযান পরিচালনা করা হচ্ছে।

প্রাথমিকভাবে মৌখিক সতর্কবার্তা দেওয়া হলেও নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হবে। এ বিষয়ে অভিভাবকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছে পুলিশ। শিক্ষার্থীদের আড্ডার পরিবর্তে লেখাপড়ায় মনোযোগী করতে অভিভাবকদের সহযোগিতা কামনা করা হয়েছে।

এস এম/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language