জাতীয়

সাত মাসে রাজস্ব ঘাটতি ছাড়াল ৬০ হাজার কোটি টাকা

ঢাকা, ২৪ ফেব্রুয়ারি – ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে (জুলাই-জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব আদায়ে বড় ধরণের ঘাটতি দেখা দিয়েছে। এই সময়ে রাজস্ব ঘাটতির পরিমাণ ৬০ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে।

সংশ্লিষ্টদের মতে লক্ষ্যমাত্রার তুলনায় আদায়ের এই বিশাল ব্যবধান সরকারের জন্য বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিতে পারে।

এনবিআর সূত্রে জানা গেছে চলতি অর্থবছরের প্রথম সাত মাসে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ছিল ২ লাখ ৮৩ হাজার ৭৫১ কোটি টাকা। এর বিপরীতে এনবিআর আদায় করতে পেরেছে ২ লাখ ২৩ হাজার ৬৩৮ কোটি টাকা। ফলে ঘাটতি দাঁড়িয়েছে ৬০ হাজার ১১৩ কোটি টাকায়। যদিও গত অর্থবছরের একই সময়ের তুলনায় ১২ দশমিক ৯০ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে তবুও বিশাল লক্ষ্যমাত্রার সামনে তা পর্যাপ্ত নয়।

খাতভিত্তিক বিশ্লেষণে দেখা যায় এই সাত মাসে সবচেয়ে বড় ঘাটতি হয়েছে আয়কর খাতে। এ খাতে ঘাটতির পরিমাণ ২৮ হাজার ৯২৫ কোটি টাকা। এছাড়া আমদানি পর্যায়ে ১৫ হাজার ৬৮৩ কোটি টাকা এবং ভ্যাট খাতে ১৫ হাজার ৫০৬ কোটি টাকার ঘাটতি তৈরি হয়েছে।

আলোচ্য সময়ে আয়কর খাতের লক্ষ্যমাত্রা ছিল ১ লাখ ৩ হাজার ৯৮০ কোটি টাকা যার বিপরীতে আদায় হয়েছে ৭৫ হাজার ৫৫ কোটি টাকা। আমদানি শুল্কে ৭৮ হাজার ৪৯৬ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৬২ হাজার ৮১৪ কোটি টাকা। ভ্যাট খাতে ১ লাখ ১ হাজার ২৭৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৮৫ হাজার ৭৬৯ কোটি টাকা।

একক মাস হিসেবে গত জানুয়ারিতেও রাজস্ব আদায়ে মন্দাভাব পরিলক্ষিত হয়েছে। ওই মাসে ৫২ হাজার ৫৪৫ কোটি টাকা লক্ষ্যমাত্রার বিপরীতে আদায় হয়েছে ৩৭ হাজার ৩৩ কোটি টাকা। অর্থাৎ কেবল এক মাসেই ঘাটতি হয়েছে প্রায় সোয়া ১৫ হাজার কোটি টাকা।

এনএন/ ২৪ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language