পশ্চিমবঙ্গ

শিলিগুড়ির হোটেলে বাংলাদেশিদের ওপর নিষেধাজ্ঞা প্রত্যাহার, ১৩ মাস পর খুলল দরজা

শিলিগুড়ি, ২৩ ফেব্রুয়ারি – বাংলাদেশে নতুন সরকার গঠনের পর শিলিগুড়ির হোটেল মালিকরা বাংলাদেশি পর্যটকদের বয়কট করার সিদ্ধান্ত থেকে সরে এসেছেন।

সোমবার শিলিগুড়ি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশন আনুষ্ঠানিকভাবে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে। এর ফলে দীর্ঘ প্রায় ১৩ মাস পর বাংলাদেশি পর্যটকদের জন্য আবারও উন্মুক্ত হলো শিলিগুড়ির সব হোটেলের দরজা।

গ্রেটার শিলিগুড়ি হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের যুগ্ম সম্পাদক উজ্জল ঘোষ জানান যে ২০২৪ সালের ৯ ডিসেম্বর থেকে তারা বাংলাদেশি নাগরিকদের হোটেল রুম বরাদ্দ দেওয়া বন্ধ রেখেছিলেন। ভারতের পতাকার অবমাননা ও দেশবিরোধী উত্তেজনামূলক বক্তব্যের প্রতিবাদে এই কঠোর পদক্ষেপ নেওয়া হয়েছিল। তবে মানবিক কারণে মেডিকেল ও স্টুডেন্ট ভিসাধারীদের জন্য সীমিত পরিসরে থাকার ব্যবস্থা ছিল।

তিনি আরও উল্লেখ করেন যে সম্প্রতি বাংলাদেশে সাধারণ নির্বাচনের পর একটি গণতান্ত্রিক সরকার শপথ নিয়েছে। বর্তমানে দুদেশের সম্পর্কের উন্নয়নের আভাস পাওয়া যাচ্ছে এবং ভারত পুনরায় ভিসা প্রদান শুরু করেছে। এছাড়া নিউ জলপাইগুড়ি থেকে মিতালী এক্সপ্রেস ট্রেনটিও শিগগির চালু হওয়ার খবর রয়েছে। এই ইতিবাচক পরিবর্তনের প্রেক্ষাপটে বাংলাদেশিদের ওপর থেকে বয়কট তুলে নেওয়া হয়েছে।

বিষয়টি ইতিমধ্যে ইমেইলের মাধ্যমে শিলিগুড়ি পুলিশ প্রশাসনকে অবহিত করা হয়েছে।

এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language