সিসিকের প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন কাইয়ুম চৌধুরী, প্রজ্ঞাপন জারি

সিলেট, ২৩ ফেব্রুয়ারি – সিলেট সিটি করপোরেশনের (সিসিক) প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন সিলেট জেলা বিএনপির সভাপতি কাইয়ুম চৌধুরী।
রবিবার স্থানীয় সরকার বিভাগ থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারির মাধ্যমে এই নিয়োগ নিশ্চিত করা হয়েছে।
প্রজ্ঞাপন অনুসারে শুধু সিলেট নয়, দেশের আরও কয়েকটি গুরুত্বপূর্ণ সিটি করপোরেশনেও নতুন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন মো. আব্দুস সালাম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের দায়িত্ব দেওয়া হয়েছে মো. শফিকুল ইসলাম খানকে। এছাড়া খুলনা সিটি করপোরেশনে নজরুল ইসলাম মঞ্জু, নারায়ণগঞ্জে মো. সাখাওয়াত হোসেন খান এবং গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে মো. শওকত হোসেন সরকারকে মনোনীত করা হয়েছে।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে যে স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর ধারা ২৫ক এর উপধারা (১) এর ক্ষমতা বলে এই নিয়োগ প্রদান করা হলো। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অথবা নির্বাচিত পরিষদ গঠিত না হওয়া পর্যন্ত তারা পূর্ণকালীন প্রশাসক হিসেবে এই দায়িত্ব পালন করবেন।
নিয়োগপ্রাপ্ত প্রশাসকরা সিটি করপোরেশনের মেয়রের পূর্ণ ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন এবং বিধি মোতাবেক সরকারি ভাতা ও সুযোগ সুবিধা পাবেন। জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানানো হয়েছে।
এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬









