জাতীয়

১২ মার্চ বসছে ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশন, নির্বাচিত হবেন স্পিকার

ঢাকা, ২৩ ফেব্রুয়ারি – আগামী ১২ মার্চ বসতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন। এই অধিবেশনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচন সম্পন্ন করা হবে।

রোববার সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব তথ্য জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

এর আগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে ‘সুস্বাস্থ্যের বাংলাদেশ’ গঠন বিষয়ক একটি সভা অনুষ্ঠিত হয়। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সংসদ অধিবেশন আহ্বানের দিনক্ষণ নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আলোচনা হয়েছে। সাংবিধানিক নিয়ম অনুযায়ী, অধিবেশন শুরুর অন্তত ১৫ দিন আগে রাষ্ট্রপতিকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করতে হয়। অধিবেশন আহ্বানের সারসংক্ষেপ জাতীয় সংসদ সচিবালয় থেকে প্রধানমন্ত্রীর দপ্তর হয়ে রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। এরপর প্রধানমন্ত্রীর পরামর্শক্রমে রাষ্ট্রপতি ১২ মার্চ আনুষ্ঠানিকভাবে সংসদ অধিবেশন আহ্বান করবেন বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

অধিবেশনের কার্যসূচি প্রসঙ্গে মন্ত্রী উল্লেখ করেন, প্রথম দিনেই স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচনের বিষয়টি এজেন্ডায় থাকবে। পাশাপাশি অন্তর্বর্তী সরকারের শাসনামলে যেসব অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছিল, সেগুলো সংসদে নিয়মতান্ত্রিকভাবে উপস্থাপন করা হবে। এর বাইরে সংসদের অন্যান্য নিয়মিত কার্যক্রমও পরিচালিত হবে।

অন্যদিকে, রাজধানীর আদাবরে একটি অফিসে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি সম্পর্কে তারা অবগত হয়েছেন। তিনি তাৎক্ষণিকভাবে ঘটনাটি তদন্ত করে প্রতিবেদন জমা দেওয়ার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ প্রদান করেছেন।

এনএন/ ২৩ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language