বিগত সরকারের আমলে করা ১০০৬টি রাজনৈতিক মামলা প্রত্যাহারের অনুমোদন

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের গত ১৭ বছরের শাসনামলে দায়ের হওয়া রাজনৈতিক মামলাগুলো প্রত্যাহার শুরু করেছে তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার।
রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে সে সময় বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১০০৬টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভ করে সরকার গঠনের মাত্র পাঁচ দিনের মাথায় এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত জানানো হলো। স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে উদ্ধৃত করে মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয় বিগত সরকারের আমলে বিরোধীদলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত এসব মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।
জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই সরকারের সময়কার প্রায় ২৪ হাজার মামলা প্রত্যাহারের সুপারিশের বিষয়টি গত ৮ ফেব্রুয়ারি জানিয়েছিল আইন ও বিচার বিষয়ক মন্ত্রণালয়। এসব মামলার বেশিরভাগই বিএনপি এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে হয়েছিল।
মন্ত্রণালয়ের তথ্যমতে এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ অগাস্ট পর্যন্ত সময়ে দায়ের হওয়া এসব মামলা প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গত বছরের ২২ সেপ্টেম্বর দুটি কমিটি গঠন করেছিল। এর মধ্যে জেলা প্রশাসকের নেতৃত্বে ছিল জেলা কমিটি এবং আইন মন্ত্রণালয়ের উপদেষ্টার নেতৃত্বে ছিল আন্তঃমন্ত্রণালয় কমিটি। মন্ত্রণালয় নিশ্চিত করেছে যে রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের এই কার্যক্রম চলমান রয়েছে।
উল্লেখ্য যে গত ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি একক সংখ্যাগরিষ্ঠতা পায় এবং ১৭ ফেব্রুয়ারি নতুন সরকার গঠন করে।
এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









