তিস্তা প্রকল্পে সরকার চাইলেই কাজ শুরু করতে প্রস্তুত চীন: রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

ঢাকা, ২২ ফেব্রুয়ারি – ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন জানিয়েছেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কাজ করতে তার দেশ সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। বাংলাদেশ সরকার চাইলেই চীন এই প্রকল্পের কাজ শুরু করতে পারে। রবিবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
কূটনৈতিক সম্পর্কের বিষয়ে অপর এক প্রশ্নের জবাবে চীনা রাষ্ট্রদূত স্পষ্ট করেন, বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার অন্য কোনো দেশের সঙ্গে চীনের দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে বেইজিং কোনো তৃতীয় দেশ বা বিদেশি শক্তির হস্তক্ষেপ প্রত্যাশা করে না। তিনি সতর্ক করে বলেন, যদি কোনো তৃতীয় পক্ষ চীন ও বাংলাদেশের সম্পর্ককে লক্ষ্যবস্তু বানাতে চায় তবে তাদের সেই প্রচেষ্টা ব্যর্থ হবে। এ সময় ইয়াও ওয়েন আশা প্রকাশ করেন যে, আগামী দিনগুলোতে চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছাবে।
এস এম/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









