গাইবান্ধায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে বিএনপির তিন নেতা বহিষ্কার

গাইবান্ধা, ২২ ফেব্রুয়ারি – গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপির তিন নেতাকে বহিষ্কার করা হয়েছে।
শনিবার এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সিদ্ধান্তের বিষয়টি জানানো হয়। ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদকের যৌথ স্বাক্ষরে ওই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
বহিষ্কৃত নেতারা হলেন উদাখালী ইউনিয়ন বিএনপির সহসভাপতি আব্দুর রশিদ সরকার মধু, একই ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক আনারুল ইসলাম এবং এরেন্ডাবাড়ী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম সফিউল্লাহ।
ফুলছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুস ছালাম সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সংগঠনবিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকায় তাদের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ থেকে দলের সঙ্গে তাদের আর কোনো সম্পর্ক থাকবে না।
এছাড়া দলের সব পর্যায়ের নেতাকর্মীদের বহিষ্কৃত ব্যক্তিদের সঙ্গে কোনো প্রকার সাংগঠনিক যোগাযোগ না রাখার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে।
এনএন/ ২২ ফেব্রুয়ারি ২০২৬









