মহাকাশে ভাসমান নীল ও গোলাপি আলোকমেঘ ক্যাল্ডওয়েল-৪, নাসার নতুন ছবি

পৃথিবী, ২০ ফেব্রুয়ারি – মহাকাশের বুকে যেন ফুটে আছে বিশাল এক ফুল। নীল ও গোলাপি রঙের আভাযুক্ত এই আলোকমেঘের নাম ক্যাল্ডওয়েল–৪, যা আইরিস নীহারিকা বা এনজিসি ৭০২৩ নামেও পরিচিত। সম্প্রতি মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এই নীহারিকার একটি অত্যন্ত দৃষ্টিনন্দন ছবি প্রকাশ করেছে। পৃথিবী থেকে প্রায় ১,৪০০ আলোকবর্ষ দূরে সেফিয়াস নক্ষত্রমণ্ডলে এর অবস্থান। এর উজ্জ্বল গ্যাসীয় অংশ প্রায় ৬ আলোকবর্ষ পর্যন্ত বিস্তৃত।
অধিকাংশ নীহারিকা নিজস্ব আলোয় আলোকিত হলেও আইরিস নীহারিকা ব্যতিক্রম। এটি মূলত একটি প্রতিফলন নীহারিকা। অর্থাৎ, এটি নিজের আলো তৈরি করে না বরং কেন্দ্রের একটি তারার আলো প্রতিফলিত হয়ে এটি দৃশ্যমান হয়। এতে থাকা অতি সূক্ষ্ম কঠিন কণিকাগুলো পৃথিবীর ধূলিকণার চেয়েও ১০ থেকে ১০০ গুণ ছোট, যা আলো ছড়িয়ে দেওয়ার কারণে নীহারিকাটিকে আকাশের মতো নীল দেখায়। তবে এর ভেতরে গাঢ় লাল রঙের আঁশের মতো অংশও রয়েছে, যা সম্ভবত কার্বনভিত্তিক যৌগ বা হাইড্রোকার্বন। বিজ্ঞানীদের মতে, এই গবেষণা নক্ষত্রের জন্ম ও উপাদান সম্পর্কে জানতে সহায়তা করবে।
উত্তর আকাশের মেরু তারকা পোলারিসের কাছাকাছি অবস্থান করায় উত্তর গোলার্ধে শরতের শুরুতে এটি দূরবীন দিয়ে ভালোভাবে দেখা যায়। ১৭৯৪ সালের ১৮ অক্টোবর ইউরেনাস গ্রহের আবিষ্কারক জার্মান-ব্রিটিশ জ্যোতির্বিজ্ঞানী উইলিয়াম হার্শেল এটি আবিষ্কার করেছিলেন। হাবল স্পেস টেলিস্কোপের অ্যাডভান্সড ক্যামেরা ফর সার্ভে এবং নিকমস ক্যামেরা ব্যবহার করে এই নীহারিকার ছবি তোলা ও রাসায়নিক উপাদান শনাক্ত করা হয়েছে।
এস এম/ ২০ ফেব্রুয়ারি ২০২৬









