বরিশালে রমজানে ফলের বাজারে আগুন, ক্রেতাদের ক্ষোভ

বরিশাল, ১৯ ফেব্রুয়ারি – পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে বরিশাল নগরীর বিভিন্ন ফলের দোকানে ক্রেতা সাধারণের ভিড় পরিলক্ষিত হচ্ছে। ইফতারের অপরিহার্য উপাদান হিসেবে খেজুরসহ আপেল, মালটা, কমলা ও আঙুরের মতো ফলের বেচাকেনা জমে উঠেছে।
তবে ক্রেতাদের অভিযোগ, রোজা শুরুর সঙ্গে সঙ্গেই ফলের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে এবং দাম সাধারণের নাগালের বাইরে চলে যাচ্ছে। সরেজমিনে নগরীর প্রধান প্রধান বাজার ও পাড়া-মহল্লার দোকান ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় ফলের দাম কেজিতে দেড় থেকে দুইশ টাকা পর্যন্ত বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে খেজুরের দাম মানভেদে কেজিতে তিনশ টাকা পর্যন্ত বেড়েছে।
ভোক্তাদের দাবি, রমজান মাসে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে কৃত্রিম সংকট তৈরির মাধ্যমে দাম বাড়াচ্ছে। এ অবস্থায় বাজার দর নিয়ন্ত্রণে প্রশাসনের নিয়মিত তদারকি ও ভ্রাম্যমাণ আদালতের অভিযান জোরদারের আহ্বান জানান তারা। অপরদিকে বিক্রেতাদের দাবি, পাইকারি বাজারে ফলের দাম বৃদ্ধি এবং পরিবহন খরচ বেড়ে যাওয়ায় খুচরা পর্যায়ে এর প্রভাব পড়েছে, যার ফলে বাধ্য হয়েই তাদের বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে।
এস এম/ ১৯ ফেব্রুয়ারি ২০২৬









