বলিউড

শ্বশুরের প্রয়াণে কিয়ারা আদভানির আবেগঘন বার্তা

ঢাকা, ১৮ ফেব্রুয়ারি – বলিউড অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রার পরিবারে এখন শোকের ছায়া বিরাজ করছে। গত ১৩ ফেব্রুয়ারি তাঁর বাবা সুনীল মালহোত্রা পরলোকগমন করেন। বাবার মৃত্যুর কয়েক দিন পর অভিনেতা সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন পোস্টের মাধ্যমে এই দুঃসংবাদ জানিয়েছিলেন।

স্বামীর পর এবার শ্বশুরকে নিয়ে স্মৃতিচারণা করেছেন অভিনেত্রী কিয়ারা আদভানিও। বুধবার ইনস্টাগ্রামে নিজের বিয়ের দিনের একটি ছবি শেয়ার করে কিয়ারা শ্বশুরের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। তিনি পোস্টে উল্লেখ করেন যে প্রথম দিন থেকেই শ্বশুর তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিলেন এবং নিজের মেয়ের মতো স্নেহ করতেন।

কিয়ারা লেখেন তাঁর শ্বশুর পরিবারের প্রতি সর্বদা দায়বদ্ধ ছিলেন এবং সবার ছোটখাটো বিষয়ের দিকেও নজর রাখতেন। অভিনেত্রী আরও বলেন যে তাঁর শ্বশুরের প্রাণোচ্ছল স্বভাব ও শক্তি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে বেঁচে থাকবে।

সবশেষে তিনি শ্বশুরের আত্মার চিরশান্তি কামনা করেন। এর আগে সিদ্ধার্থও বাবার সঙ্গে ছবি পোস্ট করে তাঁকে নিজের জীবনের শক্তির উৎস হিসেবে অভিহিত করেছিলেন। পরিবারের এই কঠিন সময়ে সহকর্মী ও শুভানুধ্যায়ীরা তাঁদের পাশে দাঁড়িয়েছেন।

এ এম/ ১৮ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language