বাবার পর এবার তারেক রহমানের মন্ত্রিসভায় মেয়ে, প্রতিমন্ত্রী হলেন শামা ওবায়েদ

ফরিদপুর-২, ১৭ ফেব্রুয়ারি – ফরিদপুর-২ (নগরকান্দা-সালথা) আসনের সংসদ সদস্য এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রতিমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন। মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান।
এর মধ্য দিয়ে বাবার পদাঙ্ক অনুসরণ করে মেয়েও মন্ত্রিসভায় নিজের স্থান করে নিলেন। শামা ওবায়েদ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মন্ত্রিসভার সদস্য প্রয়াত কে এম ওবায়দুর রহমানের কন্যা। সূত্রমতে এবার তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের মন্ত্রিসভায় যুক্ত হলেন। সদ্য সমাপ্ত নির্বাচনে শামা ওবায়েদ ১ লাখ ২১ হাজার ৬৯৪ ভোট পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বীর চেয়ে ৩২ হাজার ৩৮৯ ভোটের ব্যবধানে তিনি জয়লাভ করেন।
নির্বাচনি এলাকায় দীর্ঘ সময় ধরে সক্রিয় জনসংযোগ এবং উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে তিনি ভোটারদের আস্থা অর্জন করেছেন বলে দলীয় সূত্রে জানা গেছে। নির্বাচনের ফলাফলের পর থেকেই তাঁর মন্ত্রিত্ব পাওয়ার সম্ভাবনা নিয়ে রাজনৈতিক মহলে আলোচনা চলছিল যা অবশেষে বাস্তবে রূপ নিল। উল্লেখ্য, শামা ওবায়েদের বাবা কে এম ওবায়দুর রহমানের রাজনৈতিক জীবন ছিল অত্যন্ত বর্ণাঢ্য।
১৯৭৩ সালে তিনি বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন ফরিদপুর-৭ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন এবং ১৯৭৩-১৯৭৫ মেয়াদে ডাক ও তার প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। ১৯৭৫ সালের পটপরিবর্তনের পর তিনি বিএনপিতে যোগ দেন এবং ১৯৭৯ সালে সংসদ সদস্য নির্বাচিত হয়ে মৎস্য ও পশুপালন এবং পরে বিমান ও পর্যটনমন্ত্রীর দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৮৬ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত তিনি বিএনপির মহাসচিবের দায়িত্বও পালন করেছিলেন।
এস এম/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬









