জাতীয়

ত্রয়োদশ সংসদের নবনির্বাচিত এমপিদের শপথ গ্রহণ আজ

ঢাকা, ১৭ ফেব্রুয়ারি – ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণ অনুষ্ঠান আজ সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই অনুষ্ঠানে শপথ বাক্য পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।

নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ জানিয়েছেন যে শপথ অনুষ্ঠানের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে। দেশি ও বিদেশি অতিথিদের উপস্থিতিতে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ নিরাপত্তা ব্যবস্থাও গ্রহণ করা হয়েছে।

ইসি সূত্রে জানা গেছে যে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব স্বাক্ষরিত চিঠিতে ১৭ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে শপথ পরিচালনার বিষয়টি উল্লেখ করা হয়। একইসাথে সংবিধান সংস্কার পরিষদের সদস্যদেরও শপথ পাঠ করানো হবে।

সদ্য সমাপ্ত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি ২০৯টি আসনে জয়ী হয়ে একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামী ৬৮টি আসন পেয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এছাড়া জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি ছয়টি এবং স্বতন্ত্র প্রার্থীরা সাতটি আসনে জয়লাভ করেছেন।

ভোটের পরিসংখ্যান অনুযায়ী বিএনপি ৪৯ দশমিক ৯৭ শতাংশ এবং জামায়াতে ইসলামী ৩১ দশমিক ৭৬ শতাংশ ভোট পেয়েছে। মোট ৫০টি রাজনৈতিক দল ও ২৭৪ জন স্বতন্ত্র প্রার্থী এবারের নির্বাচনে অংশ নিয়েছিলেন।

আদালতের নির্দেশনার কারণে চট্টগ্রামের দুটি আসনের ফলাফল স্থগিত থাকায় বাকি ২৯৭টি আসনের ফলাফল গেজেট আকারে প্রকাশ করা হয়েছে।

শপথ অনুষ্ঠান সুষ্ঠু ও নির্বিঘ্ন করতে মন্ত্রিপরিষদ সচিব এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধানদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

এনএন/ ১৭ ফেব্রুয়ারি ২০২৬


Back to top button
🌐 Read in Your Language